অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ইসির

প্রকাশ: সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ণ
অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ইসির

বিশেষ প্রতিবেদক: আগামী অক্টোবর মাসকে সামনে রেখে স্থানীয় সরকার নির্বাচনের মানসিক ও প্রশাসনিক প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। সরকারের সাথে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে চূড়ান্ত তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। 

সোমবার (৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সংগঠন আরএফইডি-এর এক অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, “অক্টোবরে নির্বাচন করতে হলে তার অন্তত ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করতে হবে। তবে সরকারের সাথে আনুষ্ঠানিক আলোচনা ছাড়া এখনই সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা ইসির জন্য যৌক্তিক হবে না।” তিনি আরও জানান, দেশের সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা, ইউনিয়ন পরিষদ ও জেলা পরিষদের মতো স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানই বর্তমানে শূন্য রয়েছে। এর মধ্যে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন আগে হওয়া বাস্তবসম্মত, কারণ এদের নির্বাচিত প্রতিনিধিরাই পরবর্তীতে উপজেলা পরিষদের সদস্য হন। এছাড়া, স্থানীয় সরকারের সীমানা সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধানের জন্য ইসি থেকে সরকারকে চিঠি দেওয়া হবে।

নির্বাচনে সব পক্ষের ইতিবাচক মনোভাবের ওপর জোর দিয়ে এই কমিশনার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেভাবে সুষ্ঠু হয়েছে, স্থানীয় সরকার নির্বাচনও সেই মানে করার জন্য সবার সহযোগিতা প্রয়োজন।

আরেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, “স্থানীয় সরকার নির্বাচনের সব ধরনের প্রাক-প্রস্তুতি আমরা নিচ্ছি। ইতোমধ্যে আচরণবিধি নিয়ে কাজ করে তা ওয়েবসাইটে দেওয়া হয়েছে এবং আইনগত সমন্বয়ের কাজ চলছে। জাতীয় নির্বাচনের মতোই একটি সুন্দর ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে আমরা বদ্ধপরিকর।”

আরএফইডির সভাপতি কাজী এমাদ উদ্দিন জেবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ইসির সিনিয়র সচিব আখতার আহমেদসহ জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন