জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

প্রকাশ: সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:১৯ অপরাহ্ণ
জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের মামলায় সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। 

আজ সোমবার (৬ জুলাই) বিকেল ৩টায় জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—মো. রাশেদুর রহমান ওরফে পাপ্পু (৩০), মো. বিজু মিয়া (৩৬), মো. বাদশা মিয়া (৩৫), মো. জুয়েল মিয়া (৩৫), মো. আশরাফুল ইসলাম (৪০), জসিম (৩৫) ও আসমত (৩৮)। অন্যদিকে, অভিযোগ প্রমাণিত না হওয়ায় মো. ইদ্রিস আলী নামে এক আসামিকে মামলা থেকে খালাস দেওয়া হয়েছে।

মামলার নথিপত্র ও রাষ্ট্রপক্ষ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৫ মে দিবাগত রাত ১২টার দিকে ভুক্তভোগী ওই গৃহবধূ শেরপুর জেলার ঝগড়ারচর বাজার থেকে ইজিবাইকে করে বকশীগঞ্জের জানকিপুর এলাকায় নিজের ভাড়া বাসায় ফিরছিলেন। পথে আসামিরা ইজিবাইকটির গতি রোধ করে গৃহবধূকে জোরপূর্বক একটি ভ্যানে তুলে অপহরণ করে। পরে বকশীগঞ্জের নিলক্ষিয়া উত্তরপাড়া এলাকায় একটি পরিত্যক্ত রান্নাঘরে নিয়ে তাকে পালাক্রমে সংঘবদ্ধ ধর্ষণ করে পালিয়ে যায়। ঘটনার পরদিন ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে বকশীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

তদন্ত শেষে চলতি বছরের ১৫ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মো. ফজলুল হক জানান, মামলাটিতে মোট ৯ জন সাক্ষীর মধ্যে ৭ জন আদালতে প্রত্যক্ষ সাক্ষ্য দিয়েছেন। এছাড়া ভুক্তভোগীর চিকিৎসা প্রতিবেদন, উদ্ধারকৃত আলামত ও অন্যান্য প্রমাণাদি পর্যালোচনা করে আসামিদের বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক এই রায় প্রদান করেন। রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন