সংসার ভাঙার পর মৌনীর বিরুদ্ধে সিমি চন্দোকের বিস্ফোরক অভিযোগ
বিনোদন ডেস্ক: কদিন আগেই ব্যবসায়ী স্বামী সূরজ নাম্বিয়ারের সঙ্গে চার বছরের বৈবাহিক সম্পর্কের আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটিয়েছেন বলিউডের জনপ্রিয় বাঙালি অভিনেত্রী মৌনী রায়। এই হাইপ্রোফাইল বিবাহবিচ্ছেদ নিয়ে মৌনী কিংবা সূরজ—উভয়ের কেউই সংবাদমাধ্যমের সামনে সরাসরি কোনো মন্তব্য না করলেও, তাঁদের সম্পর্ক ভাঙার নেপথ্য কারণ নিয়ে প্রতিনিয়ত নানা মুখরোচক খবর রটে চলেছে বিটাউনে।
এবার মৌনী রায়ের ব্যক্তিগত জীবন ও স্বভাব নিয়ে এক চাঞ্চল্যকর ও বিস্ফোরক মন্তব্য করে বসেছেন ভারতীয় প্রবীণ সাংবাদিক তথা সামাজিক মাধ্যমের ইনফ্লুয়েন্সার সিমি চন্দোক। নিজেকে বলিউডের তারকাদের অন্দরমহলের সব খবরাখবরের অন্যতম প্রধান সূত্র দাবি করে মৌনীর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ এনেছেন তিনি।
সিমি চন্দোকের দাবি, মৌনী রায় নাকি সারাক্ষণই মদের নেশায় বুঁদ বা আচ্ছন্ন থাকেন। শুধু তাই নয়, বলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী দিশা পাটানির সঙ্গে মৌনীর গভীর বন্ধুত্বটাকেও ‘স্বাভাবিক নয়’ বলে উল্লেখ করেছেন তিনি। সিমির মতে, এই দুই গ্ল্যামারাস অভিনেত্রীর অতিমাত্রার মাখামাখি ও মেলামেশা নানা কারণেই সন্দেহজনক, যা কোনোভাবেই সূরজ নাম্বিয়ার মেনে নিতে পারেননি। আর এই মদ্যপান এবং দিশার সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতাই নাকি সূরজের সঙ্গে মৌনীর ঘর ভাঙার মূল কারণ।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারসহ একাধিক গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, মৌনী রায়ের বিরুদ্ধে খড়গহস্ত হয়ে সিমি চন্দোক এক সাক্ষাৎকারে জানিয়েছেন, বলিউডের বেশ কিছু প্রথম সারির তারকাকে মাঝেমধ্যেই পানশালার বাইরেও মদ্যপ ও টলমল অবস্থায় দেখা যায়, যাদের মধ্যে মৌনী রায় অন্যতম। সিমির ভাষায়, ‘মৌনী শুধু মদ্যপই নন, ব্যক্তিজীবনেও তিনি ভীষণ অগোছালো ও অসামাজিক একজন মানুষ। আমি এ পর্যন্ত সামাজিক মাধ্যমে মৌনীর এমন কোনো ভিডিও দেখিনি, যেখানে তাকে পুরোপুরি স্বাভাবিক বা সুস্থ বলে মনে হয়েছে।’
এদিকে, মৌনী রায়ের এই ব্যক্তিগত ও রহস্যময় জীবনযাপন নিয়ে নেটদুনিয়াতেও চলছে তুমুল আলোচনা-সমালোচনা। নেটিজেনদের একাংশের মতে, মৌনী ও অভিনেত্রী দিশা পাটানির সম্পর্ক শুধু সাধারণ বন্ধুত্বের গণ্ডিতে সীমাবদ্ধ নয়, বরং তার চেয়েও অনেক বেশি গভীর। আর এই গভীর সখ্যতাই অভিনেত্রীর সাজানো বিবাহিত জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। যদিও মাঝখানে দিশা পাটানির সঙ্গে পাঞ্জাবি গায়ক তালবিন্দরের প্রেমের গুঞ্জনও বাতাসে ভেসে বেড়াচ্ছিল, তারপরেও এই বিচ্ছেদ বিতর্কে দিশাকে নোংরা কটাক্ষ করতে ছাড়ছেন না সাইবার দুনিয়ার বাসিন্দারা।
মৌনীকে নিয়ে যখন চারদিকে নিন্দার ঝড়, তখন চুপ থাকতে পারেননি তাঁর প্রাক্তন স্বামী সূরজ নাম্বিয়ার। সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে মৌনী ও তাঁর বন্ধুদের পাশে দাঁড়িয়ে সূরজ সাফ জানিয়ে দিয়েছেন, ‘মৌনী ও আমার সম্পর্ক ভেঙে যাওয়ার পর এখন বিনাকারণে কিছু সাধারণ বন্ধুর নাম টেনে আনা হচ্ছে। আমি স্পষ্ট করে বলতে চাই, তাঁদের সঙ্গে আমাদের ব্যক্তিগত বিচ্ছেদের কোনো সম্পর্ক বা দূরতম যোগাযোগ নেই।’ প্রাক্তন স্বামীর এই বক্তব্যের পর সিমি চন্দোকের করা অভিযোগের জল কতদূর গড়ায়, এখন সেটাই দেখার বিষয়।
|