দীপু মনির স্বামীর মৃত্যু: জানাজা নিয়ে সিদ্ধান্তের অপেক্ষা

প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ণ
দীপু মনির স্বামীর মৃত্যু: জানাজা নিয়ে সিদ্ধান্তের অপেক্ষা
প্রয়াত ব্যারিস্টার তৌফিক নেওয়াজ ও কারাবন্দি সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি।

অনলাইন ডেস্ক: মুন্সীগঞ্জ কারাগারে বন্দি সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীপু মনিকে প্যারোলে মুক্তি দেওয়ার আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাঁর মরহুম স্বামীর জানাজা ও দাফনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে।

বর্তমানে দীপু মনির আইনি দল ও স্বজনেরা প্যারোলে মুক্তির আবেদনের জন্য মুন্সীগঞ্জে অবস্থান করছেন। বুধবার (১৯ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম।

পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১০টা ২৭ মিনিটে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু গণমাধ্যমকে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, প্যারোলে মুক্তি সংক্রান্ত প্রক্রিয়া বিবেচনা করে দুপুরের পর জানাজা ও দাফনের সময়-স্থান ঠিক করা হবে।

উল্লেখ্য, ২০১৯ সালে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত (স্ট্রোক) রোগে আক্রান্ত হওয়ার পর থেকে দীর্ঘ দিন শয্যাশায়ী ছিলেন আইনজীবী তৌফিক নেওয়াজ। শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে দীর্ঘমেয়াদী চিকিৎসায় থাকতে হয়। গত ২৭ মে কারাবন্দি স্ত্রী দীপু মনির সাথে শেষবার সাক্ষাৎ করতে হুইলচেয়ারে চেপে আদালতে এসেছিলেন তিনি।

পেশাগত জীবনে সুপ্রিম কোর্টের একজন খ্যাতিমান সুপরিচিত আইনজীবী হওয়ার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও সুনাম ছিল তৌফিক নেওয়াজের; ধ্রুপদি সংগীতে তাঁর প্রগাঢ় দক্ষতা ও সুখ্যাতি ছিল।

মন্তব্য করুন