সাইবার সক্ষমতা ও প্রযুক্তিগত উদ্ভাবনে গতি আনার তাগিদ প্রতিরক্ষা উপদেষ্টার
নিজস্ব প্রতিবেদক: সাইবার ঝুঁকি মোকাবিলা, আধুনিক প্রযুক্তিতে দক্ষ জনবল গঠন এবং দেশের গুরুত্বপূর্ণ তথ্য ও ডিজিটাল অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিতকরণে নতুন গতি আনার আহ্বান জানিয়েছেন প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।
আজ সোমবার (২০ জুলাই) সকাল ১০টায় মিরপুর সেনানিবাসে অবস্থিত মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) পরিদর্শনের সময় তিনি এ আহ্বান জানান।
এর আগে উপদেষ্টা এমআইএসটিতে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রতিষ্ঠানটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান। পরিদর্শনের শুরুতেই প্রতিরক্ষা উপদেষ্টা এমআইএসটির 'সাইবার রেঞ্জ' ঘুরে দেখেন। সেখানে তাকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের পক্ষ থেকে সাইবার প্রশিক্ষণ ও গবেষণার বর্তমান সক্ষমতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করা হয়।
এমআইএসটির তরুণ উদ্ভাবকদের উদ্দেশে প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, "বর্তমান বাস্তবতায় দেশের নিরাপত্তা কেবল তার ভৌগোলিক সীমান্ত রক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং ডিজিটাল অবকাঠামো ও তথ্য সুরক্ষাও জাতীয় নিরাপত্তার অন্যতম প্রধান অনুষঙ্গ।" সাইবার খাতে সমন্বিত দক্ষতা তৈরিতে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও প্রযুক্তি খাতের নিবিড় সহযোগিতার ওপরও জোর দেন তিনি।
পরিদর্শনের এক পর্যায়ে তিনি কানাডায় অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ ‘MATE ROV International Underwater Robot Competition 2026’-এ বিশ্বসেরা হয়ে বাংলাদেশের নাম উজ্জ্বল করা এমআইএসটির চ্যাম্পিয়ন 'ম্যাভিরভ' (MAVIROV) দলের সদস্যদের সঙ্গে দেখা করেন। বিশ্বমঞ্চে ১৬টি দেশের ৭৭টি দলকে হারিয়ে আন্তর্জাতিক শিরোপা অর্জন করায় তিনি দলের শিক্ষার্থী ও গবেষকদের ভূয়সী প্রশংসা করেন।
প্রতিষ্ঠানটির গবেষণা ও উন্নয়ন শাখার কাজ সম্পর্কে অবহিত হয়ে ড. এ কে এম শামছুল ইসলাম আরও বলেন, "গবেষণাকে কেবল প্রতিবেদন বা প্রদর্শনীর মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। যেকোনো বাস্তবভিত্তিক গবেষণাকে পেটেন্ট ও ব্যবহারের উপযোগী দেশীয় পণ্যে রূপান্তর করতে হবে, যা বৈদেশিয় নির্ভরতা কমিয়ে স্বাবলম্বিতা আনবে।"
কৃষি, সাইবার নিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা ও শিল্প খাতের সমস্যা সমাধানে গবেষণার পরিধি আরও বিস্তৃত করার দিকনির্দেশনা দিয়ে তিনি পরিদর্শনের শেষভাগে বিজয়ী দলের সদস্য ও এমআইএসটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক আলোকচিত্রে অংশ নেন।
|