শূন্য থেকে আজ মুম্বাইয়ে কোটি টাকার সম্পত্তির মালিক

প্রকাশ: বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ণ
শূন্য থেকে আজ মুম্বাইয়ে কোটি টাকার সম্পত্তির মালিক

অনলাইন ডেস্ক: নেটফ্লিক্সের নতুন জনপ্রিয় ওয়েব ফিল্ম ‘মুসাফির ক্যাফে’-তে অনবদ্য অভিনয় দিয়ে সম্প্রতি দর্শকমহলে ব্যাপক আলোচনা ও ভালোবাসা কুড়িয়েছেন অভিনেত্রী মহিমা মাকওয়ানা। ক্যারিয়ারে আজ যে উচ্চতায় তিনি অবস্থান করছেন, তার পেছনের গল্পটি ছিল চরম কষ্ট, দারিদ্র্য ও ধারাবাহিক সংগ্রামের।

মাত্র পাঁচ মাস বয়সে বাবাকে হারিয়ে মুম্বাইয়ের বস্তিতে বড় হওয়া এই অভিনেত্রী ২৬ বছর বয়সেই এখন মায়ানগরী মুম্বাইয়ে দুটি অভিজাত বাড়ির একক মালিক।

মহিমা জানান, অভিনয় কখনোই তাঁর নিজের স্বপ্নের পেশা ছিল না। ছোটবেলায় স্কুলের অর্ধেক সময় ক্লাস শেষ করে দূরপাল্লার বাসে চেপে অডিশন দিতে যেতেন তিনি। দিনশেষে ক্লান্ত হয়ে বাড়ি ফিরলেও তাঁর মা সব সময় সাহস ও উৎসাহ জুগিয়েছেন।

স্মৃতিচারণ করে মহিমা বলেন, ‘আমার মা সব সময় অভিনেত্রী হতে চেয়েছিলেন, কিন্তু দারিদ্র্যের কারণে পারেননি। অভাবের দিনে মা আমাকে বলেছিলেন—এই পৃথিবী ছেড়ে যাওয়ার আগে তিনি নিজের একটা স্থায়ী বাড়ি চান। মায়ের এই ব্যাকুল ইচ্ছাই আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা হয়ে দাঁড়ায়।’

শিশুশিল্পী হিসেবে কাজের সুযোগ পেলেও শুরুতে নানা কটূক্তি ও অপমান সহ্য করতে হয়েছে তাঁকে। মাত্র ৯ বছর বয়সে জনপ্রিয় ধারাবাহিক ‘বালিকা বধূ’র সেটে এক পরিচালক তাঁকে তীব্র কটাক্ষ করে বলেছিলেন, ‘অভিনয়ই যদি না জানো, তবে এখানে কেন এসেছ?’ তবে সেই অপমানকে ইতিবাচক শক্তিতে রূপান্তর করেন মহিমা।

পরবর্তীতে ২০১২ সালে মাত্র ১৩ বছর বয়সে জি টিভির জনপ্রিয় ধারাবাহিক ‘সাপনে সুহানে লাড়কাপান কে’-তে মুখ্য চরিত্রে কাজের সুযোগ পান তিনি। নাটকটি বিপুল জনপ্রিয়তা পাওয়ার পর মাত্র ১৪ বছর বয়সে উপার্জিত অর্থ দিয়ে মায়ের জন্য প্রথম বাড়ি ও গাড়ি কেনেন মহিমা।

টেলিভিশন দুনিয়ায় তুমুল জনপ্রিয় হলেও রূপালী পর্দায় সুযোগ পাওয়া সহজ ছিল না তাঁর জন্য। বারবার অডিশনে বাদ পড়া এবং ‘টিভির অভিনেত্রী’ তকমা উড়িয়ে দিয়ে ২০২১ সালে সালমান খানের ‘অন্তিম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় জমকালো অভিষেক ঘটে তাঁর।

মহিমা বলেন, ‘অন্তিম মুক্তির পর হঠাৎ করেই মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যায়। সবাই আমার বন্ধু হতে চেয়েছিল। কিন্তু এর পেছনে ছিল আমার এক দশকেরও বেশি সময়ের তীব্র পরিশ্রম ও রক্ত-ঘাম।’

১৪ বছর বয়সে প্রথম বাড়ি কেনার ঠিক ১১ বছর পর, মুম্বাইয়ে নিজের দ্বিতীয় ও আরও বড় একটি বিলাসবহুল বাড়ি কিনেছেন মহিমা। তেলুগু সিনেমা, ওটিটি সিরিজ ‘শোটাইম’ ও অতিসম্প্রতি নেটফ্লিক্সের হিট ওয়েব ফিল্ম ‘মুসাফির ক্যাফে’-তে দারুণ পারফরম্যান্স দিয়ে ২৬ বছর বয়সেই ইন্ডাস্ট্রিতে এক যুগেরও বেশি সময়ের সাফল্য উদ্‌যাপন করছেন তিনি।

প্রভূত সাফল্য আর সম্পদের মালিক হলেও শৈশবে পিতৃহারা হওয়ার কষ্ট আজও তাড়া করে ফেরে এই অভিনেত্রীকে। আবেগঘণ কণ্ঠে মহিমা বলেন, ‘বাবা পাশে থাকলে কেমন লাগে, তা আমি কখনো জানতে পারিনি। বন্ধুদের যখন তাদের বাবার সঙ্গে দেখি, তখন বুকের ভেতরটা খালি লাগে। তবে সব কষ্ট জয় করে মাকে দেওয়া প্রতিশ্রুতি রাখতে পেরেছি, সেটাই আমার জীবনের পরম তৃপ্তি।’

মন্তব্য করুন