আমরা জুলাই সনদের পক্ষে, অক্ষরে অক্ষরে পালন করতে চাই: চিফ হুইপ

আমরা জুলাই সনদের পক্ষে, অক্ষরে অক্ষরে পালন করতে চাই: চিফ হুইপ

স্টাফ রিপোর্টার, ঢাকা: ক্ষমতাসীন বিএনপি সরকার 'জুলাই সনদ'-এর পূর্ণ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি উল্লেখ করেন, দেশের মানুষের ম্যান্ডেট নিয়ে আসা এই সরকার সনদের প্রতিটি ধারা অক্ষরে অক্ষরে পালন করতে চায়।

শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) দুপুরে রাজধানীতে 'সাংস্কৃতিক দল' আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম মনি বলেন, "আমরা জুলাই সনদের পক্ষে এবং এর বাস্তবায়নে আমরা 'হ্যাঁ' বলছি। দেশের ৫৫ শতাংশ মানুষ ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছেন। এর মধ্যে ৫১ শতাংশ আমাদের সরাসরি ভোট এবং বাকি ৪ শতাংশ আমাদের বিদ্রোহী প্রার্থীদের, যাদের আমরা আমাদেরই অংশ মনে করি।" তিনি দাবি করেন, এই বিশাল জনসমর্থনই জুলাই সনদ বাস্তবায়নের মূল শক্তি।

রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে চিফ হুইপ বলেন, "আজ যারা সংস্কারের কথা বলছেন, বিএনপি ২০২৩ সালেই তাদের ৩১ দফায় সেই সংস্কারের রূপরেখা স্পষ্টভাবে উল্লেখ করেছিল। বর্তমান সংবিধান একটি নির্দিষ্ট দলের পরাজয়ের দলিল হয়ে দাঁড়িয়েছে, তাই এটি নতুন করে লেখার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।"

স্বাধীনতা ও পরবর্তী শাসনকাল নিয়ে নুরুল ইসলাম মনি বলেন, স্বাধীনতার সময় শেখ মুজিবুর রহমান দেশকে অরক্ষিত রেখে পাকিস্তানে চলে গিয়েছিলেন।

তিনি আরো বলেন, ১৯৭৪ সালের দুর্ভিক্ষের স্মৃতি চারণ করে তিনি বলেন, "যখন ১০ লাখ মানুষ না খেয়ে মারা যাচ্ছিল, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হাল ধরেছিলেন। তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি মানুষের খাদ্যের নিশ্চয়তা দিয়েছিলেন।"

তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশ থেকে ২৭ লাখ কোটি টাকা পাচার হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

চিফ হুইপ বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে বলেন, "দেশে বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী নিজে বিদ্যুৎ ব্যবহার কমিয়ে এক প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর মিতব্যয়িতা ও দূরদর্শী নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।"

তিনি আরও অভিযোগ করেন যে, স্বাধীনতার পর মুজিব বাহিনী ও যুবলীগ নেতাকর্মীদের হাতে অবৈধ অস্ত্র তুলে দিয়ে দেশে এক ভয়াবহ অরাজক পরিস্থিতির সৃষ্টি করা হয়েছিল, যা থেকে জিয়াউর রহমান দেশকে উদ্ধার করেছিলেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন