সিলেট বিভাগের সাংবাদিকদের মাঝে কল্যাণ ট্রাস্টের অনুদান বিতরণ

সিলেট বিভাগের সাংবাদিকদের মাঝে কল্যাণ ট্রাস্টের অনুদান বিতরণ

মৌলভীবাজার সার্কিট হাউসে সাংবাদিকদের হাতে অনুদানের চেক তুলে দিচ্ছেন অতিথিবৃন্দ।

মোহাম্মদ আলী, নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন ‘বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’-এর উদ্যোগে সিলেট বিভাগের সাংবাদিকদের মাঝে ২০২৫-২০২৬ অর্থবছরের ২য় ও ৩য় কিস্তির অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার (০৩ এপ্রিল) মৌলভীবাজার সার্কিট হাউসের হলরুমে এক আনুষ্ঠানিকতার মাধ্যমে এই চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ আবদুল বাছির। তিনি তার বক্তব্যে বলেন, পেশাগত ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে থাকা সাংবাদিকদের আর্থিক সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। ট্রাস্টের এই ক্ষুদ্র প্রচেষ্টা সাংবাদিকদের পেশাগত কাজে আরও উৎসাহ জোগাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক জনাব মিজানুর রহমান, ট্রাস্টের উপপরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব এ.বি.এম রফিকুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক জনাব মোঃ হাবিবুর রহমান এবং জেলা তথ্য অফিসার জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন।

মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের (রেজিঃ নং: মৌল-০৩৮) সভাপতি জনাব মো. জাফর ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব শেখ মাহমুদুর রহমান। বক্তারা তাদের বক্তব্যে সাংবাদিকদের কল্যাণে সরকারের গ্রহণ করা বিভিন্ন মুখী পদক্ষেপের কথা তুলে ধরেন এবং জানান যে, এই ধরনের আর্থিক সহায়তা সাংবাদিকদের জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সিলেট বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশন (বিআরজেএ) মৌলভীবাজার জেলার সহ-সভাপতি ও দৈনিক ডেল্টা টাইমসের সিলেট বিভাগীয় ব্যুরো চিফ মোহাম্মদ আলী, জেলা সভাপতি কামরুজ্জামান শাহীন এবং সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন শিপনসহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা উপস্থিত সাংবাদিকদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন।

মন্তব্য করুন