নারী রেফারিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে তীব্র তোপের মুখে নেইমার

মাঠের পারফরম্যান্স ছাপিয়ে বড় হয়ে উঠছে বিতর্ক; বিশ্বকাপের দলে জায়গা পাওয়া নিয়ে বাড়ছে অনিশ্চয়তা

নারী রেফারিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে তীব্র তোপের মুখে নেইমার

(সংগৃহীত ছবি) রেমোর বিপক্ষে ম্যাচে তর্কে জড়িয়ে পড়া ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র।

স্পোর্টস ডেস্ক: ফিটনেস ও সক্ষমতা প্রমাণ করে জাতীয় দলে ফেরার লড়াইয়ে থাকা নেইমার জুনিয়র নতুন করে বড় এক বিতর্কে জড়িয়ে পড়েছেন। এক নারী রেফারিকে নিয়ে কুরুচিপূর্ণ ও যৌন বৈষম্যমূলক মন্তব্য করে এখন পুরো ব্রাজিল জুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন এই তারকা ফরোয়ার্ড। বিশ্বকাপের দলে জায়গা পাওয়া নিয়ে যেখানে আগে থেকেই সংশয় ছিল, সেখানে এমন কাণ্ড তার ক্যারিয়ারকে আরও সংকটে ফেলল বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

গতকাল রেমোর বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে নেইমারের বর্তমান দল সান্তোস। ম্যাচের ৮৬তম মিনিটে প্রতিপক্ষের খেলোয়াড় দিয়েগো হার্নান্দেজের একটি ট্যাকলে নেইমার মাটিতে পড়ে যান এবং প্রতিক্রিয়ায় তাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করেন। এই উত্তেজনার জেরে রেফারি নেইমারকে হলুদ কার্ড দেখালে তিনি ক্ষুব্ধ হন এবং সহকারী নারী রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।

আসল বিতর্কের সূত্রপাত হয় ম্যাচ শেষে কানাল প্রিমিয়ারের সঙ্গে আলাপকালে। কার্ডের ব্যাখ্যা দিতে গিয়ে নেইমার নারী রেফারিকে কটাক্ষ করে বলেন, “উনি মনে হয় ‘চিকো’ (নারীদের একটি স্বাভাবিক শারীরিক প্রক্রিয়াকে কটাক্ষ করে ব্যবহৃত ব্রাজিলীয় শব্দ) হয়ে ঘুম থেকে উঠেছেন এবং সেই অবস্থাতেই মাঠে এসেছেন। উনি ম্যাচের নায়ক হতে চান এবং খেলোয়াড়দের প্রতি অসম্মানজনক আচরণ করেন।” নেইমারের এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই নিন্দার ঝড় ওঠে।

ব্রাজিলীয় সংবাদকর্মী ও ফুটবলবোদ্ধারা নেইমারের এই কুরুচিপূর্ণ মানসিকতার তীব্র সমালোচনা করেছেন। প্রখ্যাত নারী সাংবাদিক মারিয়ানা পেরেইরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “শরীরের একটি সাধারণ ও স্বাভাবিক প্রক্রিয়াকে এভাবে নোংরাভাবে উপস্থাপন করা অত্যন্ত নিচু মানসিকতার পরিচয়। বহু বছর ধরে নারীরা এসব বিষয়ে লড়াই করে আসছেন, অথচ এখনও নেইমারের মতো মানুষরা একে অসম্মানের হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন।”

মাঠের পারফরম্যান্সে রেমোর বিপক্ষে দলের দুটি গোলেই অবদান রাখলেও, মাঠের বাইরের এই আচরণ নেইমারকে বিপাকে ফেলেছে। এই হলুদ কার্ডের কারণে পরবর্তী গুরুত্বপূর্ণ ম্যাচে ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে খেলতে পারবেন না তিনি। অন্যদিকে, ২০২৬ বিশ্বকাপের জন্য কোচ কার্লো আনচেলত্তি যে সম্ভাব্য ২৪ জনের তালিকা তৈরি করেছেন, তাতে নেইমারের নাম নেই বলে জানিয়েছে ব্রাজিলীয় সংবাদমাধ্যম ‘গ্লোবো’। লুকাস পাকেতা, এনদ্রিক ও ইগর তিয়াগোর মতো তরুণরা যেখানে কোচরে ভাবনায় আছেন, সেখানে নেইমারের এই নতুন বিতর্ক তার ফেরার পথ আরও কঠিন করে তুলল।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন