ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
এস আলম ও পিকে হালদারসহ ১৩ জনের বিচার শুরু
জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে ৩২ কোটি ৫০ লাখ টাকা ঋণ আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও পিকে হালদারসহ ১৩ জনের বিরুদ্ধে চার্জগঠন করেছেন আদালত। এর মাধ্যমে মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।
ঢাকা-৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আব্দুস সালাম সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে এই আদেশ দেন। একই সঙ্গে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৮ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে। দুদকের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
চার্জগঠন হওয়া অপর আসামিরা হলেন—এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ, পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ হাসান, শাহানা ফেরদৌস; আভিভা ফাইন্যান্সের সাবেক ইভিপি রাশেদুল হক, সাবেক ম্যানেজার নাহিদা রুনাই, সাবেক এসভিপি কাজী আহমেদ জামাল, সাবেক ডেপুটি ম্যানেজার জুমারাতুল বান্না; এছাড়া মারিন ভেজিটেবল অয়েলসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ এবং পরিচালক টিপু সুলতান, মো. ইসহাক ও মো. আব্দুল্লাহ আল মামুন। নাহিদা রুনাই ও রাশেদুল হক বর্তমানে কারাগারে রয়েছেন, বাকি ১১ জন পলাতক।
শুনানিকালে কারাগারে থাকা দুই আসামিকে আদালতে হাজির করা হয়। তারা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচারের আবেদন করেন। তাদের আইনজীবীরা মামলা থেকে অব্যাহতির আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে বিচার শুরু করেন।
নাহিদা রুনাইয়ের পক্ষে আইনজীবী খোরশেদ মিয়া আলম বলেন, “আমার মক্কেল এই ঋণের সঙ্গে জড়িত নন। তিনি কেবল একজন বেতনভুক্ত কর্মচারী ছিলেন, পরিচালক বা শেয়ারহোল্ডার নন। চার্জশিটে তাকে অন্যায়ভাবে জড়ানো হয়েছে।” রাশেদুল হকের আইনজীবী নিয়াজ মোর্শেদ জানান, তার মক্কেল বেতনের বাইরে কোনো আর্থিক সুবিধা নেননি এবং ঋণ অনুমোদনের একক ক্ষমতা তার ছিল না।
মামলার এজাহার অনুযায়ী, আসামিরা ২০১৩ সালের ১২ আগস্ট ‘মেসার্স মোস্তফা এন্ড কোং’ নামে একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের মাধ্যমে ৩২ কোটি ৫০ লাখ টাকার ঋণ অনুমোদন করান এবং ৯ অক্টোবর সেই টাকা এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেডে স্থানান্তর করে আত্মসাত করেন।
মামলাটি ২০২৪ সালের ২ জুলাই দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান বাদী হয়ে দায়ের করেন। তদন্ত শেষে ১৬ অক্টোবর ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। ১১ জানুয়ারি আদালত চার্জশিট গ্রহণ করে বিচার শুরু করার জন্য বিশেষ জজ-৯ আদালতে বদলির নির্দেশ দেন।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ