ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সরকারের নজর এখন পুরোপুরি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিকে। নির্বাচন ঘিরে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী মাঠে ব্যস্ত সময় পার করছে। সচিবালয় থেকে শুরু করে জেলা ও উপজেলা প্রশাসনও নির্বাচনি কাজে নিয়োজিত। দেশের সাধারণ মানুষের দৃষ্টিও এখন নির্বাচনকেন্দ্রিক।
এদিকে, নির্বাচন শেষ হওয়ার এক সপ্তাহ পরই শুরু হবে পবিত্র রমজান। একই সময়ে সরকার পরিবর্তনের প্রক্রিয়াও চলবে। এই সুযোগকে কাজে লাগাতে তৎপর হয়ে উঠেছে অসাধু ব্যবসায়ী চক্র।
অতীতে দেখা গেছে, নির্বাচন ও রমজান এলেই নিত্যপণ্যের চাহিদা বেড়ে যায়। সামান্য সরবরাহ সংকট হলেই বাজার অস্থির হয়ে ওঠে। এ বছরও আমদানিকৃত নিত্যপণ্য মজুত করে কৃত্রিম সংকট তৈরির পরিকল্পনা করছে একটি চক্র।
সংশ্লিষ্টদের মতে, এ বছর রমজানে বাজার মনিটরিং ব্যবস্থা কার্যত দুর্বল। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জানমালের নিরাপত্তা এবং জনদুর্ভোগ কমাতে দৃশ্যমান উদ্যোগের অভাবে বাজার ব্যবস্থাপনা অনেকটাই অভিভাবকহীন হয়ে পড়েছে। নির্বাচনি ব্যস্ততায় জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারাও বাজার পরিস্থিতিতে নজর দিতে পারছেন না।
শীত মৌসুম থাকায় শাকসবজি, আলু ও পেঁয়াজের দাম এখনও তুলনামূলক সহনীয়। এসব মৌসুমি পণ্যকে সামনে রেখে একটি মহল বাজার স্থিতিশীল থাকার প্রচার চালালেও বাস্তব চিত্র ভিন্ন। রমজানকে ঘিরে ভোজ্যতেল, ছোলা, চিনি, খেজুর, ডাল, মসলা ও ফলের বাজার ইতোমধ্যেই অস্থির। দীর্ঘদিন ধরেই কোনও যুক্তিসংগত কারণ ছাড়াই চাল ও আটা বাড়তি দামে বিক্রি হচ্ছে।
এ সুযোগে পণ্য মজুতের কৌশলও বদলেছে অসাধু চক্র। নির্দিষ্ট গুদামের বদলে নারায়ণগঞ্জ, যশোর ও নোয়াপাড়া এলাকার নদীতে লাইটার জাহাজে ভাসমান গুদাম তৈরি করা হয়েছে। এতে সরবরাহ ব্যাহত হয়ে কৃত্রিম সংকটের আশঙ্কা তৈরি হয়েছে।
নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, লাইটার জাহাজে দীর্ঘদিন পণ্য আটকে রেখে ভাসমান গুদাম হিসেবে ব্যবহারের বিষয়টি সরকারের নজরে এসেছে। এ কারণে সংশ্লিষ্ট নৌপথে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে নৌপরিবহন অধিদফতর, কোস্টগার্ড, নৌ-পুলিশসহ ছয় সদস্যের একটি টাস্কফোর্স কাজ করছে।
বিশেষজ্ঞদের মতে, নির্বাচনি ব্যস্ততার মাঝেও বাজার ব্যবস্থাপনায় কঠোর নজরদারি জরুরি। তা না হলে নিত্যপণ্যের বাজার সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গিয়ে সামাজিক অসন্তোষ তৈরি হতে পারে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ