ঢাকার ৫৫টি খাল পুনঃখনন ও বেদখল জমি উদ্ধার করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
যেকোনো মূল্যে দেশের নদী এবং খালের বেদখল হওয়া সমস্ত জমি সরকার পুনরুদ্ধার করবে বলে দৃঢ় ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
রবিবার (২৭ সেপ্টেম্বর ২০২৬) রাজধানীর জিরানি খাল পুনরুদ্ধার ও সংস্কার প্রকল্পের চলমান অগ্রগতি সরেজমিন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান। প্রতিমন্ত্রী জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অধীনে ২৬টি এবং উত্তর সিটি করপোরেশনের অধীনে ২৯টি—সব মিলিয়ে মোট ৫৫টি খাল পুনঃখনন ও সংস্কার করা হবে। এছাড়া এসব খালের পানি সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে পুনরায় নদীতে ফেলার মহাপরিকল্পনাও বর্তমান সরকার বাস্তবায়ন করবে।
এর আগে রবিবার সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জিরানি-ত্রিমোহনী ঘাটে খাল পুনরুদ্ধার ও সংস্কার প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শনে যান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় তাঁর সঙ্গে রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালামও উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব আশা প্রকাশ করেন যে, অবৈধ জবরদখল থেকে উদ্ধার করা এই খালগুলো দ্রুত পুনঃখননের মাধ্যমে সাধারণ মানুষের জন্য জনবান্ধব ও পরিবেশোপযোগী করে তোলা হবে।
পরিদর্শন শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম আরও বলেন, “অতীতের মতো বর্তমান সরকার জনগণের সঙ্গে কোনো ধরনের মিথ্যা প্রতিশ্রুতি দেবে না। ঢাকার চারপাশের প্রধান পাঁচটি নদীকে পুনরায় জীবন্ত ও দূষণমুক্ত করে তোলার একটি বৃহৎ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণের এই ৫৫টি খাল পুনঃখননের কাজ শেষ হলে রাজধানীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে।”
এ সময় তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন প্রশাসনের বর্তমান প্রশাসকসহ ভবিষ্যতে নির্বাচিত হয়ে স্থানীয় সরকারে দায়িত্ব পালন করবেন এমন জনপ্রতিনিধিদের দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সম্পূর্ণ জনকল্যাণে কাজ করার উদাত্ত আহ্বান জানান।