পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
স্টাফ রিপোর্টার: সরকারি চাকরি আইন অনুযায়ী বিসিএস (পুলিশ) ক্যাডারের ৩ জন ডিআইজিসহ ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
আজ বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারিকৃত পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ৪৫ ধারার বিধান মতে জনস্বার্থে এই কর্মকর্তাদের চাকরি থেকে অবসর প্রদান করা হলো।
অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ৩ জন উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি), ১৩ জন অতিরিক্ত ডিআইজি এবং ১ জন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তা।
হাইওয়ে পুলিশের মো. আব্দুল্লাহ আল বাকী, সারদা পুলিশ একাডেমির মো. ওয়ালিদ হোসেন এবং সিআইডির সানা শামীনুর রহমান।
সিআইডির মো. সারোয়ার হোসেন ও রেবেকা সুলতানা, ট্যুরিস্ট পুলিশের বিধান ত্রিপুরা ও সুলতানা নাজমা হোসেন, পুলিশ স্টাফ কলেজের ড. এ কে এম ইকবাল হোসেন, এপিবিএনের সাহেলী ফেরদৌস, সারদা পুলিশ একাডেমির মো. তবারক উল্লাহ, পুলিশ টেলিকমের হাসিনা রহমান, পুলিশ অধিদপ্তরের ফয়সল মাহমুদ ও কানিজ ফাতেমা, নৌ পুলিশের জেসমিন বেগম, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোসা. ফরিদা ইয়াসমিন এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) মো. হাবিবুর রহমান।
এছাড়া টিডিএস ঢাকার পুলিশ সুপার (এসপি) আব্দুর রহিম শাহ চৌধুরীকেও অবসরে পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, অবসরে পাঠানো কর্মকর্তারা বিধি মোতাবেক অবসরজনিত সকল সুবিধাদি প্রাপ্য হবেন। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
এআইএল/সকালবেলা
|