পাঁচ বছরের মধ্যে ৩১১০টি শূন্যপদে নিয়োগ: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পাঁচ বছরের মধ্যে ৩১১০টি শূন্যপদে নিয়োগ: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানিয়েছেন, সরকারি চাকরিতে শূন্যপদ পূরণের লক্ষ্যে এরইমধ্যে ৬ মাস, ১ বছর এবং ৫ বছর মেয়াদি বিশেষ কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। এই পরিকল্পনার আওতায় ৬ মাসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২ হাজার ৮৭৯টি, ১ বছরের মধ্যে ৪ হাজার ৪৫৯টি এবং ৫ বছরের মধ্যে ৩ হাজার ১১০টি শূন্যপদে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদে চট্টগ্রাম-১৩ আসনের সরকারি দলের সদস্য সরওয়ার জামাল নিজামের টেবিলে উপস্থাপিত এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এই তথ্য জানান। তিনি বলেন, কর্মপরিকল্পনায় বর্ণিত ‘স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ সরকারি কর্মচারীর নিয়োগ’-এর বিষয়ে সব মন্ত্রণালয় ও বিভাগের সর্বশেষ অবস্থা এবং শূন্যপদের তথ্য প্রেরণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরও জানান, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত জনবল সংক্রান্ত হালনাগাদ তথ্যের ভিত্তিতে প্রকাশিত ‘স্ট্যাটিসটিক্স অব পাবলিক সার্ভেন্টস ২০২৪’ অনুযায়ী সব মন্ত্রণালয় ও সরকারি অফিসে মোট শূন্যপদের সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ২২০টি।

প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, শূন্যপদগুলোর মধ্যে ১ম গ্রেড থেকে ৯ম গ্রেডে ৬৮ হাজার ৮৮৪টি, ১০ম গ্রেড থেকে ১২তম গ্রেডে ১ লাখ ২৯ হাজার ১৬৬টি, ১৩তম গ্রেড থেকে ১৬তম গ্রেডে ১ লাখ ৪৬ হাজার ৭৯৯টি এবং ১৭তম গ্রেড থেকে ২০তম গ্রেডে ১ লাখ ১৫ হাজার ২৩৫টি পদ রয়েছে। এছাড়া অনারারি, নির্দিষ্ট বেতনভুক্ত ও চুক্তিভিত্তিক—যারা বিভিন্ন শ্রেণিতে অবস্থান করেন, এমন শূন্যপদ রয়েছে ৮ হাজার ১৩৬টি।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন