ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
১৬ লাখ টাকা বেতনে কোচ খুঁজছে বাফুফে
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ডাগআউট সামলাতে এক সময় বিদেশি হাই-প্রোফাইল কোচদের খুব একটা আগ্রহ দেখা যেত না। তবে গত এক বছরে দৃশ্যপট আমূল বদলে গেছে। জাতীয় দলের প্রধান কোচ নিয়োগের জন্য গত ৯ এপ্রিল বাফুফের দেওয়া বিজ্ঞপ্তিতে রীতিমতো আবেদনের হিড়িক পড়েছে। মাত্র সাত দিনেই জমা পড়েছে ১২৮টি জীবনবৃত্তান্ত। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত আবেদনের সুযোগ থাকায় এই সংখ্যা আরও বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
হঠাৎ কেন বিদেশি কোচদের মধ্যে বাংলাদেশের ফুটবল নিয়ে এই উন্মাদনা? বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান মনে করেন, হামজা চৌধুরী এবং শমিত সোমের মতো আন্তর্জাতিক মানের ফুটবলারদের বাংলাদেশ দলে অন্তর্ভুক্তির প্রক্রিয়াই দলের ‘ব্র্যান্ড ভ্যালু’ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। তিনি বলেন, “আমাদের ফুটবল আগের অবস্থানে নেই। হামজা-শমিতরা আসায় সবাই এখন বাংলাদেশের ফুটবল ফলো করেন। হামজার মতো খেলোয়াড় থাকলে মাঠে বড় পরিকল্পনা বাস্তবায়ন সহজ হয়, যা যেকোনো কোচের জন্য আকর্ষণীয়।”
আবেদনকারীদের তালিকায় যেমন আছেন বড় বড় বিদেশি নাম, তেমনি আছেন দেশি কোচরাও। হাই-প্রোফাইলদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ‘ক্রোয়েশিয়ান আইনস্টাইন’ খ্যাত পিটার সেগ্রেট, ভারতের সাবেক কোচ ইগর স্টিমাচ এবং বসুন্ধরা কিংসের সাবেক কোচ ভ্যালেরি তিতা। এছাড়া গাম্বিয়া, কেনিয়া ও মায়ানমারের সাবেক কোচরাও জীবনবৃত্তান্ত পাঠিয়েছেন। দেশি কোচদের মধ্যে আবেদন করেছেন মারুফুল হক এবং জুলফিকার মাহমুদ মিন্টু।
বর্তমান কোচ হাভিয়ের কাবরেরার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে চলতি মাসেই। বাফুফে সূত্রে জানা গেছে, নতুন কোচের বেতন প্রাথমিকভাবে সাড়ে ১৩ হাজার ডলার (প্রায় ১৬ লাখ টাকা) থেকে সাড়ে ১৪ হাজার ডলারের মধ্যে হতে পারে। যোগ্যতার ক্ষেত্রে এএফসি বা উয়েফা প্রো লাইসেন্সের পাশাপাশি আধুনিক স্পোর্টস সায়েন্স ও ডেটা অ্যানালিসিসে জ্ঞান থাকা বাধ্যতামূলক করা হয়েছে। আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচের আগেই নতুন কোচের নাম ঘোষণা করতে চায় বাফুফে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ