লোহার কড়াইতে যেসব খাবার রান্না করা ক্ষতিকর
শৈলী ডেস্ক: রান্নায় মাটির পাত্র কিংবা স্টেইনলেস স্টিলের পাশাপাশি এখনো অনেক বাড়িতেই ঐতিহ্যবাহী লোহার কড়াই ব্যবহার করা হয়। শরীরে আয়রনের অভাব মেটাতে চিকিৎসকেরাও মাঝে মাঝে লোহার পাত্রে রান্নার পরামর্শ দিয়ে থাকেন। তবে সব ধরনের খাবার এই কড়াইতে রান্না করা একেবারেই নিরাপদ বা স্বাস্থ্যকর নয়।
ভারতের জনপ্রিয় গণমাধ্যম 'নিউজ১৮'-এর এক প্রতিবেদনে উঠে এসেছে, লোহার তৈরি পাত্রে বিশেষ কিছু খাবার রান্না করলে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে খাবারের আসল স্বাদ ও রঙ নষ্ট হতে পারে। কেবল তা-ই নয়, এই ধরনের খাবার খেলে শরীরে নানা বিষাক্ত প্রতিক্রিয়াও দেখা দিতে পারে।
যেসব খাবার লোহার কড়াইয়ে রান্না করা এড়িয়ে চলবেন:
টমেটো ও অম্লীয় খাবার: নিত্যদিনের রান্নায় টমেটোর ব্যবহার বহুল। তবে টমেটো প্রকৃতিগতভাবেই অম্লীয় (অ্যাসিডিক) গুণসম্পন্ন। লোহার কড়াইয়ে টমেটো কিংবা লেবু ও ভিনেগারের মতো অম্লীয় খাবার রান্না করলে বিক্রিয়া ঘটে ক্ষতিকর ধাতব পদার্থ খাবারে মিশে যায়। এতে খাবারের প্রাকৃতিক স্বাদ নষ্ট হয়ে কালচে রূপ নেয়।
ডিম: ডিমে থাকা সালফার উপাদান লোহার সঙ্গে দ্রুত বিক্রিয়া করে। এর ফলে ডিমের স্বাভাবিক রঙ ধূসর হয়ে যেতে পারে এবং একটি অপ্রীতিকর গন্ধ বা স্বাদ তৈরি হয়। তাছাড়া এই বিক্রিয়া কড়াইতে মরিচা পড়ার প্রক্রিয়া ত্বরান্বিত করে এর স্থায়িত্ব কমিয়ে দেয়। তাই ডিম রান্নায় নন-স্টিক বা স্টিলের পাত্র উত্তম।
মাছ: মাছে প্রাকৃতিক কিছু অ্যাসিড থাকে, যা গরম লোহার সংস্পর্শে এলে কড়াইয়ের তলায় লেগে যায়। এতে মাছের টুকরোগুলো ভেঙে গঠন নষ্ট হয় এবং আসল স্বাদ হারিয়ে যায়। মাছ ভাজা বা রান্নার জন্য নন-স্টিক প্যান বা স্টেইনলেস স্টিলের পাত্র ব্যবহার করা উচিত।
ভাত: চালের উচ্চ অম্লতা ও প্রাকৃতিক তেল লোহার সঙ্গে বিক্রিয়া করে ভাতের স্বাভাবিক রঙ বদলে দিতে পারে। পাশাপাশি ভাতে এক ধরনের অপচন্দনীয় ধাতব স্বাদ চলে আসে এবং কড়াইয়ের নিচে চাল শক্ত হয়ে আটকে যায়। ভাত বা চালের যেকোনো পদ রান্নায় সবসময় স্টেইনলেস স্টিল বা ভারী তলাযুক্ত নন-স্টিক পাত্র ব্যবহার করাই শ্রেয়।
|