অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ডিস্টিংগুইশড ফেলো হিসেবে যোগ দিলেন জাস্টিন ট্রুডো

প্রকাশ: রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ণ
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ডিস্টিংগুইশড ফেলো হিসেবে যোগ দিলেন জাস্টিন ট্রুডো
কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যুক্তরাজ্যের বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে একটি গুরুত্বপূর্ণ নতুন দায়িত্ব পেয়েছেন। বিশ্ববিদ্যালয়টির মর্যাদাপূর্ণ ব্লাভাটনিক স্কুল অব গভর্নমেন্টে ‘ডিস্টিংগুইশড ফেলো’ হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন তিনি। একই সঙ্গে তাকে প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক নেটওয়ার্ক ‘ওয়ার্ল্ড লিডার্স সার্কেল’-এর সদস্য করা হয়েছে।

গত শুক্রবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক ঘোষণায় তার এই নিয়োগের কথা জানাই। দীর্ঘ এক দশক কানাডার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন শেষে পদ ছাড়ার পর আন্তর্জাতিক শিক্ষা, গবেষণা ও নীতি নির্ধারণী অঙ্গনে এটিই তার প্রথম কোনো বড় প্রাতিষ্ঠানিক সংযুক্তি।

৫৪ বছর বয়সী জাস্টিন ট্রুডো ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত টানা ১০ বছর কানাডার সফল প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। প্রধানমন্ত্রীত্ব অবসানের পর তিনি এবার বৈশ্বিক নীতিনির্ধারণী ও শিক্ষাক্ষেত্রে নিজের অভিজ্ঞতা ছড়িয়ে দেওয়ার প্রক্রিয়ায় যুক্ত হলেন।

অক্সফোর্ডের ব্লাভাটনিক স্কুল অব গভর্নমেন্টের ‘ওয়ার্ল্ড লিডার্স সার্কেল’ মূলত সাবেক সরকারপ্রধানদের একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের সদস্যরা নিজেদের রাজনৈতিক অভিজ্ঞতা ও বিশ্বদৃষ্টিভঙ্গি বিনিময়ের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের দক্ষ নীতিনির্ধারক ও নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। উল্লেখ্য, এই স্বনামধন্য নেটওয়ার্কে নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন এবং যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাকও অন্তর্ভুক্ত রয়েছেন।

নিজের এই নতুন দায়িত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে জাস্টিন ট্রুডো বলেন, "আমার প্রধানমন্ত্রীত্বের এক দশকে বিশ্ব ভূরাজনীতি ও প্রযুক্তির ক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন এসেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত অগ্রগতি, আন্তর্জাতিক ব্যবস্থার আমূল পরিবর্তন, বৈশ্বিক সহযোগিতা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা পুনর্গঠন বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ ও কঠিন চ্যালেঞ্জ।" তিনি অক্সফোর্ডের মেধাবী শিক্ষার্থী ও ভবিষ্যৎ নীতিনির্ধারকদের সঙ্গে নিজের দীর্ঘ অভিজ্ঞতা বিনিময় এবং বিশ্বনেতাদের সঙ্গে মতবিনিময়ের জন্য গভীর আগ্রহ প্রকাশ করেছেন।

ব্লাভাটনিক স্কুল অব গভর্নমেন্টের ডিন অধ্যাপক নাইরে উডস ট্রুডোর নিয়োগকে স্বাগত জানিয়ে বলেন, "এক দশক সরকারি উচ্চপর্যায়ে দায়িত্ব পালনের সমৃদ্ধ অভিজ্ঞতা ট্রুডো শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি ভাগ করে নিতে পারবেন। তাঁর এই বাস্তবভিত্তিক অভিজ্ঞতা আগামী দিনের বৈশ্বিক নেতৃত্ব তৈরিতে অত্যন্ত সহায়ক হবে।"

সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র জানিয়েছে, চলতি নভেম্বরের শেষ নাগাদ জাস্টিন ট্রুডোর আনুষ্ঠানিকভাবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শনের কথা রয়েছে।