মধ্যরাতে গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ তুললেন পরীমনি

প্রকাশ: সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ণ
মধ্যরাতে গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ তুললেন পরীমনি

বিনোদন প্রতিবেদক: মধ্যরাতে হঠাৎ ফেসবুক লাইভে এসে নিজের গাড়িতে হামলা ও ভাঙচুরের গুরুতর অভিযোগ তুলেছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি। রাজধানীর গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠান শেষ করে বের হওয়ার সময় এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়েন বলে দাবি করেন তিনি।

রবিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে হঠাৎ ফেসবুক লাইভে এসে ঘটনার বিস্তারিত জানান পরীমনি। লাইভে তাকে বেশ বিপর্যস্ত দেখা যায়। তার অভিযোগ, গুলশান শুটিং ক্লাবের ওই অনুষ্ঠানে হঠাৎ এক ব্যক্তি তার সঙ্গে আক্রমণাত্মক আচরণ শুরু করেন। একপর্যায়ে তার গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। পরিস্থিতির কারণে তিনি গাড়িতে উঠতে না পেরে অনুষ্ঠানস্থলের পেছনের অংশে বসে থাকতে বাধ্য হন।

নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে পরীমনি বলেন, অনুষ্ঠানে অন্য শিল্পীদেরও হেনস্তা করা হয়েছে এবং বিভিন্ন স্টল ভাঙচুর করা হয়েছে। এই ঘটনার জন্য ‘ইয়োলো জার্নালিজম’ বা অপসাংবাদিকতার চর্চাকারীদের দায়ী করেন তিনি। তার ভাষায়, যারা সাংবাদিকতার নাম ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেন, মূলত তারাই এমন পরিকল্পিত পরিস্থিতি তৈরি করেছেন। কারো কোনো ব্যক্তিগত বিরোধ বা ক্ষোভ থাকলে তা সরাসরি বসে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানান এই অভিনেত্রী। পরবর্তীতে আরও কয়েকটি ফেসবুক লাইভে তাকে তার সন্তানকে দ্রুত গাড়িতে তোলার নির্দেশ দিতে এবং ঘটনাস্থলে গুলশান থানার পুলিশ সদস্যদের উপস্থিত থাকতে দেখা যায়। পুলিশ আসার পর তিনি গাড়িযোগে নিরাপদে স্থান ত্যাগ করেন।চলচ্চিত্রপাড়ায় গুঞ্জন রয়েছে যে, গত কয়েক দিন ধরে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে পরীমনির নিরাপত্তারক্ষীদের ধাক্কাধাক্কির যে অনভিপ্রেত ঘটনা ঘটেছিল, তারই একটি রেশ হয়তো এই পরিস্থিতির পেছনে রয়েছে। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা একটি মামলায় গত বৃহস্পতিবার ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি। সে সময় গাড়ি থেকে নেমে আদালতের দিকে যাওয়ার সময় ছবি ও ভিডিও ধারণকে কেন্দ্র করে তার নিরাপত্তারক্ষীদের সঙ্গে সাংবাদিকদের হাতাহাতি হয়।

ওই ঘটনায় সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসাইনের মুঠোফোন কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে পরীমনির বিরুদ্ধে। অন্যদিকে পরীমনি দাবি করেন যে ওই সাংবাদিক তাকে স্পর্শ করেছেন। তবে রবিউল সেই অভিযোগ অস্বীকার করে জানান, অভিনেত্রী তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দিয়েছেন। পুরো ঘটনার ভিডিও প্রমাণ রয়েছে বলেও দাবি করেন তিনি। ওই ঘটনার জেরে গত ৫ নভেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ারের পক্ষ থেকে পরীমনিকে একটি আইনি নোটিশ পাঠানো হয়, যেখানে আগামী সাত দিনের মধ্যে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার অনুরোধ জানানো হয়েছে। শিল্প সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছেও এই নোটিশের অনুলিপি পাঠানো হয়েছে। সবমিলিয়ে এই নতুন হামলার ঘটনায় পরীমনিকে ঘিরে বিনোদন অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

সকালবেলা / নুসরাত