বন্ধ কারখানা চালু করতে ২০,০০০ কোটি টাকার তহবিল

জান্নাতুল ফেরদৌস
প্রকাশ: সোমবার, ০৪ মে ২০২৬, ০১:০২ অপরাহ্ণ
বন্ধ কারখানা চালু করতে ২০,০০০ কোটি টাকার তহবিল

দেশের বন্ধ হয়ে যাওয়া শিল্প ও কারখানাগুলো পুনরায় চালুর লক্ষ্যে একটি বড় ধরনের আর্থিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। প্রাথমিকভাবে ১৫,০০০ থেকে ২০,০০০ কোটি টাকার একটি স্বল্প সুদের ‘পুনরুজ্জীবন তহবিল’ গঠনের পরিকল্পনা করা হচ্ছে। আজ সোমবার (৪ মে ২০২৬) সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

পরিকল্পনা অনুযায়ী, অনিবার্য কারণে বন্ধ হওয়া এবং ঋণ পরিশোধে আগ্রহী প্রতিষ্ঠানগুলো এই তহবিল থেকে কার্যকরী মূলধন হিসেবে ঋণ নিতে পারবে। কিছু ক্ষেত্রে দীর্ঘমেয়াদি ঋণের সুযোগও থাকছে। ঋণের সুদের হার ১৩ শতাংশের কাছাকাছি নির্ধারণ করা হতে পারে, যার মধ্যে সর্বোচ্চ ৫ শতাংশ পর্যন্ত সরকারি ভর্তুকি যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। তবে নীতিনির্ধারণী এই বিষয়টি এখনো চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

সূত্রমতে, প্রধানমন্ত্রী তারেক রহমান চলতি সপ্তাহের শেষের দিকে এই তহবিলের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন। এর আগে মে দিবসের এক সমাবেশে তিনি বন্ধ কারখানা পুনরায় চালু করে শ্রমিকদের অধিকার নিশ্চিত করা এবং অর্থনীতিকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

তহবিল গঠনের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. কবির আহমেদের নেতৃত্বে একটি কমিটি পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়নের কাজ শুরু করেছে। ব্যাংকগুলোকে ইতোমধ্যে ১০০ কোটি টাকার বেশি ঋণ থাকা বন্ধ বা আংশিক বন্ধ কারখানার হালনাগাদ তালিকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, প্রকৃত ক্ষতিগ্রস্ত এবং সক্ষম কারখানাগুলো চিহ্নিত করতে সরকার ও কেন্দ্রীয় ব্যাংক যৌথভাবে কাজ করছে।

সম্প্রতি বাণিজ্যিক ব্যাংকগুলোর সঙ্গে বৈঠকে ব্যাংকাররা এই ঋণের ঝুঁকি কমাতে সরকারি গ্যারান্টি বা ‘ক্রেডিট গ্যারান্টি স্কিম’ দাবি করেছেন। এছাড়া ঋণের সঠিক ব্যবহার নিশ্চিত করতে অতিরিক্ত জামানত এবং প্রকল্প পর্যবেক্ষণের জন্য বিশেষজ্ঞ পরামর্শক নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে।

২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের সময় শুরু হওয়া শিল্প পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে এই বৃহৎ উদ্যোগটি নেওয়া হচ্ছে, যা দেশের ঝিমিয়ে পড়া শিল্প খাতে নতুন প্রাণ সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন