পাবনায় ভেসে যাওয়া দুই ভাইয়ের লাশ উদ্ধার

প্রকাশ: বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ০৯:১৯ অপরাহ্ণ
পাবনায় ভেসে যাওয়া দুই ভাইয়ের লাশ উদ্ধার

পাবনা প্রতিনিধি: পাবনার বেড়া উপজেলার কাজিরহাট এলাকায় যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া দুই স্কুলশিক্ষার্থীর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেল ৩টার দিকে পদ্মা সেতুর নিকটবর্তী বাওয়া এলাকা থেকে বিনয় রায়ের (১৫) লাশ উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে যমুনা নদীর কাজিরহাট ঢালারচর এলাকার দাশপাড়া পয়েন্ট থেকে প্রভাত সরকারের (১৪) মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।

নিহত বিনয় রায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধলতোষা গ্রামের অনুতোষ রায়ের ছেলে এবং প্রভাত সরকার গাজীপুর সদর উপজেলার মিতুলাল সরকারের ছেলে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই এবং দুজনই নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এই দুই শিক্ষার্থী আমিনপুর থানার খানপুরা মধ্যপাড়া এলাকায় তাদের আত্মীয় শ্রী নিমাই করাতির বাড়িতে বেড়াতে এসেছিল। সোমবার দুপুরে বাড়ির পার্শ্ববর্তী যমুনা নদীর নটাখোলা পয়েন্টে তারা গোসলে নামে। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে দুজনই তলিয়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধারে ব্যর্থ হলে পুলিশ, ফায়ার সার্ভিস ও ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে।

মঙ্গলবার দিনভর অভিযান চালিয়ে বিকেলে প্রভাত সরকারের মরদেহ উদ্ধার করা হয়। আলো স্বল্পতার কারণে পরবর্তীতে উদ্ধার অভিযান স্থগিত থাকলেও স্থানীয়রা নদীজুড়ে তল্লাশি অব্যাহত রাখেন। একপর্যায়ে বুধবার বিকেলে বাওয়া এলাকায় বিনয় রায়ের মরদেহ ভেসে উঠলে কাজিরহাট নৌপুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

কাজিরহাট নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ অরবিন্দ সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন