দিনে দুপুরে 'শীর্ষ সন্ত্রাসী' কাইল্লা পলাশ গুলিবিদ্ধ

প্রকাশ: শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৫৫ অপরাহ্ণ
দিনে দুপুরে 'শীর্ষ সন্ত্রাসী' কাইল্লা পলাশ গুলিবিদ্ধ
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক: কারাগার থেকে বের হওয়ার এক মাসের মাথায় রাজধানীর রামপুরায় দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হয়েছেন পুলিশের তালিকাভুক্ত সাবেক ‘শীর্ষ সন্ত্রাসী’ ইয়াছিন খান পলাশ (৫০), যিনি অপরাধ জগতে ‘কাইল্লা পলাশ’ নামে পরিচিত।

শুক্রবার (১২ জুন) দুপুর পৌনে ২টার দিকে পশ্চিম রামপুরার রয়েল মিষ্টির দোকানের সামনে তাকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

পলাশের পারিবারিক সহকারী ইব্রা মিয়া জানান, দুপুরে পশ্চিম রামপুরার মুক্তির গলি মসজিদে জুমার নামাজ শেষ করে বাসায় ফিরছিলেন পলাশ। রামপুরা রয়েল মিষ্টির দোকানের সামনে পৌঁছালে এক যুবক তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। স্থানীয়রা হামলাকারীকে ধাওয়া দিলে সে আগে থেকে ওঁত পেতে থাকা সহযোগীদের সঙ্গে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। ইব্রা মিয়া আরও জানান, এলাকার একটি হত্যা মামলায় দীর্ঘ ২৫ বছর সাজা খেটে মাসখানেক আগে জেল থেকে মুক্তি পেয়েছিলেন পলাশ। ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, পলাশের মাথায় দুটি গুলি লেগেছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী দুই যুবক আগে থেকে ওই এলাকায় ওঁত পেতে ছিল এবং সুযোগ বুঝেই পলাশকে লক্ষ্য করে গুলি চালায়। আহত ব্যক্তি পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী এবং দীর্ঘদিন কারাভোগের পর সম্প্রতি মুক্তি পেয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ ইতিমধ্যেই মাঠে নেমেছে বলে জানান এই কর্মকর্তা।

মন্তব্য করুন