ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ২ ইউনিট

প্রকাশ: বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:২৬ অপরাহ্ণ
ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ২ ইউনিট
সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক: রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে বাংলাদেশ আই হসপিটালের পাশের ভবনটিতে আগুন লাগার পর ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। একই সঙ্গে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো আনুষ্ঠানিক তথ্যও পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে ভবনটির ছাদ থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায়। এছাড়া ভবনের একটি তলার কাচ ভেঙে বাইরে স্থাপিত সিঁড়ি ব্যবহার করে কয়েকজনকে নিচে নামতেও দেখা গেছে। তবে ভবনের ভেতরে কেউ আটকা পড়েছেন কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য মেলেনি।

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে তারা।

মন্তব্য করুন