সুনামগঞ্জ মেডিকেল কলেজে একাডেমিক ভবনে তালা

প্রকাশ: রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:০৯ অপরাহ্ণ
সুনামগঞ্জ মেডিকেল কলেজে একাডেমিক ভবনে তালা

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ: সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালু করা, যথাযথ একাডেমিক পরিবেশ নিশ্চিত এবং পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাসের দাবিতে টানা ষষ্ঠ দিনের মতো একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। 

আজ রবিবার (২৮ জুন) সকাল সাড়ে ৯টা থেকে সব ধরনের ক্লাস-পরীক্ষা বর্জন করে একাডেমিক ভবনের মূল ফটকে ‘শাটডাউন’ ব্যানার টানিয়ে এই আন্দোলন কর্মসূচি পালন করা হয়।

আন্দোলন চলাকালে শিক্ষার্থীরা কোনো শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারীকে একাডেমিক ভবনে প্রবেশ করতে দেননি। ইন্টার্নশিপ ও ব্যবহারিক শিক্ষার জন্য হাসপাতালটি দ্রুত চালুর দাবিতে তাঁরা স্লোগান দেন এবং উদ্ভূত সমস্যা সমাধানে সরাসরি স্বাস্থ্যমন্ত্রীর হস্তক্ষেপ ও বৈঠকের দাবি জানান। এ সময় শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবির প্রতি একাত্মতা ও সংহতি প্রকাশ করেন স্থানীয় এলাকাবাসীও।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন মেডিকেল কলেজের সিনিয়র ব্যাচের শিক্ষার্থী তোফায়েল আহমেদ, রাফাত রেজা আকাশ, সুরাইয়া আক্তার স্মৃতি, সাইদুল ইসলাম সাকিব, পিয়াশ চন্দ্র দাস ও পৃথ্বীরাজ চৌধুরী। বক্তারা বলেন, হাসপাতাল চালু না হওয়ায় তারা পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাস থেকে বঞ্চিত হচ্ছেন, যা তাদের ভবিষ্যৎ চিকিৎসক জীবনের জন্য বড় বাধা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই শাটডাউন কর্মসূচি অব্যাহত রাখার হুঁশিয়ারি দেন তাঁরা।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন