কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা বিষয়ক মতবিনিময় সভা কাল

প্রকাশ: বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:০০ অপরাহ্ণ
কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা বিষয়ক মতবিনিময় সভা কাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: উচ্চশিক্ষায় আগ্রহী কওমি মাদরাসার শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা ও কর্মজীবনের সঠিক পথ প্রদর্শনের লক্ষ্যে আগামীকাল একটি বিশেষ শিক্ষা ও ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ‘এ যুগের তালিবে ইলমকে সুন্দর ভবিষ্যতের পথ দেখানোই আমাদের লক্ষ্য’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেছে ‘দাওয়াহ শিক্ষা ফাউন্ডেশন বাংলাদেশ’ এবং ‘ক্যারিয়ার বাংলাদেশ’।

আগামীকাল ২৫ জুন (বৃহস্পতিবার) ঢাকার তোপখানা রোডস্থ জাতীয় প্রেসক্লাবের ৩য় তলায় অবস্থিত ‘আব্দুস সালাম হল’-এ এই বর্ণাঢ্য মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হবে।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল দুপুর ২টা ০০ মিনিটে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজের (খাবার) মাধ্যমে কর্মসূচির সূচনা হবে। পরবর্তীতে দুপুর ২টা ৩০ মিনিট থেকে মূল অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

সমগ্র অনুষ্ঠানটিকে তিনটি আকর্ষণীয় পর্বে সাজানো হয়েছে: ১ম পর্ব: আমন্ত্রিত দেশের শীর্ষস্থানীয় ও বিদগ্ধ আলেম-ওলামা এবং অতিথিদের বিশেষ আলোচনা। ২য় পর্ব: উপস্থিত কওমি শিক্ষার্থী ও নবীন আলেমদের নিজস্ব অভিব্যক্তি প্রকাশ। সমাপনী পর্ব: মুক্ত আলোচনা, বিশেষ প্রশ্নোত্তর পর্ব এবং শিক্ষার্থীদের আগামীর পথ-নির্দেশনা।

মাদরাসা শিক্ষার উচ্চতর স্তর ‘শরহে বেকায়াত’ বা তদূর্ধ্ব যেকোনো জামাতের (বিভাগের) অধ্যয়নরত ছাত্র (তালিবে ইলম) এবং নতুন ফারেগ হওয়া নবীন আলেমরা এই মতবিনিময় সভায় অংশগ্রহণের সুযোগ পাবেন। রেজিস্ট্রেশনের ক্রমানুসারে এবং আসন ফাঁকা থাকা সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হবে। আগ্রহীদের জন্য নামমাত্র ৫০ (পঞ্চাশ) টাকা অংশগ্রহণ ফি নির্ধারণ করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা ইসমাঈল বরিশালী (হাফি.)। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ বা ‘কী-নোট স্পীকার’ হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা হামজা শহিদুল ইসলাম (হাফি.)।

এছাড়াও কওমি শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক আলোচনা পেশ করতে আমন্ত্রিত শীর্ষস্থানীয় অতিথিদের মধ্যে উপস্থিত থাকবেন— মাওলানা হাবীবুর রহমান মুনীর নদভী, দেশের প্রখ্যাত লেখক ও সাংবাদিক মাওলানা শরীফ মুহাম্মাদ, মাওলানা যাইনুল আবেদীন, মাওলানা এমদাদ বিন মাহবুব, মাওলানা মহিউদ্দীন ফারুকী, মাওলানা আফজাল হুসাইন এবং মাওলানা আশরাফ উদ্দীন মাহদি (হাফি.) প্রমুখ।

ব্যতিক্রমী এই ক্যারিয়ার সেমিনারে সার্বিক সহযোগিতায় থাকছে মানবসেবামূলক সংস্থা ‘আল মারকাযুল ইসলামী’। এছাড়া অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত রয়েছে জনপ্রিয় নিউজ পোর্টাল ‘সকালবেলা’। আসন সংখ্যা সীমিত থাকায় দ্রুত নিবন্ধনের জন্য 01770-041600 এই মোবাইল নম্বরে যোগাযোগ করতে আয়োজকদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন