ঢাবিতে নারী হেনস্তার প্রতিবাদে স্মারকলিপি প্রদান

প্রকাশ: রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:০০ অপরাহ্ণ
ঢাবিতে নারী হেনস্তার প্রতিবাদে স্মারকলিপি প্রদান
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে সাবেক শিক্ষার্থী দম্পতিসহ ছয়জনকে হেনস্তা করার ঘটনার বিচার এবং ক্যাম্পাসে নারীর নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে প্রক্টর বরাবর তিন দফা স্মারকলিপি প্রদান করেছেন সাধারণ শিক্ষার্থীরা। রবিবার (২৮ জুন) সকাল ১১টায় প্রক্টর কার্যালয়ে এই স্মারকলিপি জমা দেওয়া হয়।

স্মারকলিপি জমা দেওয়ার পর আয়োজিত সংবাদ সম্মেলনে কবি সুফিয়া কামাল হল ছাত্র সংসদের ভিপি সানজানা চৌধুরী রাত্রি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় আর নারীবান্ধব নেই। একটি গোষ্ঠী নারীদের ক্যাম্পাসে বিচরণ ও অংশগ্রহণ সংকুচিত করতে পরিকল্পিতভাবে এসব অপতৎপরতা চালাচ্ছে।” তিনি আরও জানান, প্রক্টর বিষয়টি গুরুত্বের সাথে দেখার আশ্বাস দিয়েছেন, তবে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

ডাকসুর কার্যনির্বাহী সদস্য হেমা চাকমা ডাকসুর কার্যক্রমে সমন্বয়হীনতা ও নিষ্ক্রিয়তার সমালোচনা করে বলেন, “হল সংসদের প্রতিনিধি কর্তৃক হেনস্তার ঘটনায় ডাকসুর নীরবতা প্রমাণ করে তারা একপাক্ষিক ও পক্ষপাতদুষ্ট। আমরা নিজেরাই নিজেদের নিরাপত্তার জন্য সোচ্চার হয়েছি।”

১. নারী হেনস্তার ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ। ২. ক্যাম্পাসে নারী হয়রানি, অনলাইন হেনস্তা, গোপনে ভিডিও ধারণ এবং মব সংস্কৃতির বিরুদ্ধে সুনির্দিষ্ট ও কার্যকর নীতিমালা প্রণয়ন। ৩. বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আবাসিক পরিসরে নারীদের চলাচল বা অংশগ্রহণ সংকুচিত করে—এমন যেকোনো আচরণ বা সিদ্ধান্ত থেকে বিরত থাকা।

উল্লেখ্য, গত ২৬ জুন বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখতে গিয়ে শহীদুল্লাহ হলে মার্কেটিং বিভাগের ২০১৭-১৮ সেশনের শাওন-নুসরাত দম্পতিসহ ছয়জন সাবেক শিক্ষার্থী হেনস্তার শিকার হন। অভিযোগ রয়েছে, হল সংসদের সমাজসেবা সম্পাদক মো. সাজু মিয়াসহ কয়েকজন শিক্ষার্থী তাদের জোরপূর্বক হল থেকে বের করে দেন। এ ঘটনার পর থেকে ক্যাম্পাসে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন