জবিতে পশু জবাই নিষিদ্ধ, প্রতিবাদে গরু ভোজের ঘোষণা

প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ণ
জবিতে পশু জবাই নিষিদ্ধ, প্রতিবাদে গরু ভোজের ঘোষণা

অনলাইন ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করার প্রশাসনিক নির্দেশনার তীব্র প্রতিবাদে ক্যাম্পাসে 'গণ-গরু ভোজ' কর্মসূচির ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। এর আগে মুক্তমঞ্চে গরুর মাংস রান্নাকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হলে প্রশাসন ক্যাম্পাসের ভেতরে পশুবলি ও জবাই সম্পূর্ণ নিষিদ্ধ করে।

বুধবার (১৪ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বৃহস্পতিবারের এই গরু ভোজ কর্মসূচির কথা জানানো হয়। ক্যাম্পাসের অভ্যন্তরে আয়োজিত এই কর্মসূচিতে অংশগ্রহণের সুবিধার্থে শিক্ষার্থীদের জন্য ৭০ টাকা চাঁদা/রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) মাসুদ রানা এবং জবি শাখা ছাত্রশক্তির সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ নিজ নিজ ফেসবুক আইডি থেকে এই সংক্রান্ত পোস্ট শেয়ার করেন। উক্ত পোস্টে অংশ নেওয়ার সুবিধার্থে একটি অনলাইন গুগল ফরমের লিঙ্কও যুক্ত করা হয়।

এর আগে বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আজম খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জনস্বাস্থ্য রক্ষা, সার্বিক পরিচ্ছন্নতা বজায় রাখা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতে ক্যাম্পাসের অভ্যন্তরে যেকোনো পশু জবাইয়ের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা দেয় প্রশাসন। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও জারি করা হয়।

উল্লেখ্য, গত সোমবার বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীদের এক নৈশভোজের আয়োজনে গরুর মাংস রান্নাকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। এ ঘটনার পর সনাতন ধর্মাবলম্বীরা ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন করলে প্রশাসন তড়িঘড়ি করে পশু জবাই নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়, যার প্রেক্ষিতে নতুন করে সাধারণ শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়।

এআইএল/সকালবেলা