বেতাগীতে রাতের আঁধারে জমি দখলের অভিযোগ
মোঃ সোহেল রানা, বরগুনা: বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া মাদ্রাসা বাজারের দক্ষিণ পাশে আদালতের বিচারাধীন একটি জমির ওপর রাতের আঁধারে বসতঘরের সামনে টিনের বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে। জমিটি নিয়ে আদালতে একাধিক মামলা চলমান থাকায় এই ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
জানা গেছে, বিরোধপূর্ণ ওই জমি নিয়ে আদালতের নির্দেশনার আলোকে বেতাগী থানায় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এর আগে বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশিদ হাওলাদার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপস্থিতিতে উভয় পক্ষকে নিয়ে এক সালিশি বৈঠকের আয়োজন করেছিলেন।
অভিযোগকারী ও মামলার বাদী মো. সগীর আকন জানান, গত ১ আগস্ট গভীর রাতে দুর্বৃত্তরা তার দাবি করা জমিতে থাকা বসতঘরের সামনে টিনের বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেয়। সগীর আকনের দাবি, তিনি ক্রয়সূত্রে ০.১১ শতাংশ জমির মালিক হলেও দাতা তাকে সম্পূর্ণ জমি বুঝিয়ে দিতে পারেননি। তিনি বলেন, “আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। ক্রয়সূত্রে প্রাপ্ত ও আদালতের রায়ে স্বীকৃত জমির সামনে রাতের আঁধারে জোরপূর্বক টিনের বেড়া দেওয়া হয়েছে। আমি অভিযুক্ত ফারুকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে প্রশাসন ও স্থানীয়দের হস্তক্ষেপ কামনা করছি।”
অন্যদিকে অভিযোগ অস্বীকার করে মো. ফারুক হাওলাদার বলেন, সালিশি বৈঠকের সিদ্ধান্ত ও নির্ধারিত সীমা অনুযায়ী সগীর আকনের ৮ দশমিক ৫ ফুট জমি ছেড়ে দিয়ে তিনি নিজের অংশে বেড়া নির্মাণ করেছেন। অন্যের জমি দখলের অভিযোগটি তিনি ভিত্তিহীন বলে দাবি করেন।
এ বিষয়ে বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশিদ হাওলাদার বলেন, “জমিটি নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলছিল। পরে উভয় পক্ষ একটি সিদ্ধান্তে পৌঁছায় এবং জমিটি একাধিকবার পরিমাপও করা হয়। সম্প্রতি সেখানে টিনের বেড়া দেওয়ার বিষয়টি শুনেছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এআইএল/সকালবেলা
|