রাশিয়ার ৩ তেল শোধনাগার ও ১ লাখ টনের জাহাজে ইউক্রেনের বড় হামলা

প্রকাশ: শনিবার, ০১ আগস্ট ২০২৬, ০৬:২০ অপরাহ্ণ
রাশিয়ার ৩ তেল শোধনাগার ও ১ লাখ টনের জাহাজে ইউক্রেনের বড় হামলা
কৃষ্ণ সাগর ও রাশিয়ার বাশকোর্তোস্তানের ড্রোন হামলার প্রতীকী দৃশ্য

অনলাইন ডেস্ক: রাশিয়ার সামরিক অবকাঠামো ও অর্থনৈতিক শক্তিমত্তার ওপর বড় ধরনের আঘাত হেনেছে ইউক্রেনীয় বাহিনী। রাশিয়ার সীমান্ত এলাকা থেকে প্রায় ১ হাজার ৬০০ কিলোমিটার দূরে অবস্থিত বাশকোর্তোস্তান অঞ্চলের তিনটি প্রধান তেল শোধনাগারের অবকাঠামো লক্ষ্য করে সফল হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শনিবার (১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট জেলেনস্কি এ দূরপাল্লার হামলার তথ্য নিশ্চিত করেন।

বিবৃতিতে জেলেনস্কি আরও দাবি করেন, ইউক্রেনের সশস্ত্র বাহিনী কৃষ্ণ সাগরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার তালিকায় থাকা ‘ইয়ানিনা’ নামের একটি রুশ পতাকাবাহী বিশালাকার কনটেইনার জাহাজ সফলভাবে ডুবিয়ে দিয়েছে। ১ লাখ টনেরও বেশি ধারণক্ষমতাসম্পন্ন এই জাহাজটি কৃষ্ণ সাগরে রাশিয়ার রসদ সরবরাহে ব্যবহৃত হচ্ছিল বলে কিয়েভ সূত্রে জানা গেছে।

বাশকোর্তোস্তানের জ্বালানি অবকাঠামো এবং ‘ইয়ানিনা’ জাহাজটি ছাড়াও কৃষ্ণ সাগর এবং আজভ সাগর অঞ্চলে অবস্থানরত রাশিয়ার আরও কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে সমন্বিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী।

রাশিয়ার ওপর এ ধরনের অভিযানের কৌশলগত গুরুত্ব তুলে ধরে জেলেনস্কি বলেন, “আমাদের প্রধান লক্ষ্যবস্তু হলো রাশিয়ার সেই সব অবকাঠামো ও সামরিক স্থাপনা, যা তাদের আক্রমণাত্মক যুদ্ধ পরিচালনার সক্ষমতাকে প্রতিনিয়ত টিকিয়ে রাখছে। রাশিয়ার এই আর্থিক ও সামরিক সক্ষমতা ভেঙে দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য।”

মন্তব্য করুন