বর্ষায় পোশাকের যত্নে প্রয়োজনীয় টিপস

প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৩২ অপরাহ্ণ
বর্ষায় পোশাকের যত্নে প্রয়োজনীয় টিপস
নিজস্ব প্রতিবেদক: বর্ষাকাল মানেই সবুজে মোড়া প্রকৃতি আর বৃষ্টির স্বস্তি। তবে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে পোশাকের যত্নে প্রয়োজন হয় বাড়তি সতর্কতা। বর্ষার আর্দ্র আবহাওয়া, হঠাৎ বৃষ্টি এবং রোদের অভাব কাপড়ে দুর্গন্ধ, ছত্রাক বা ফাঙ্গাসের মতো সমস্যা তৈরি করে। সামান্য সচেতনতা অবলম্বন করলে প্রতিকূল এই আবহাওয়ায়ও প্রিয় পোশাকগুলো রাখা সম্ভব নতুনের মতো।


বর্ষায় খুব ভারী বা মোটা কাপড় এড়িয়ে চলাই ভালো। এমন পোশাক বেছে নিন যা দ্রুত শুকিয়ে যায়। ভারী কাপড় বৃষ্টিতে ভিজলে তা দীর্ঘক্ষণ ভেজা থাকে, যা থেকে অস্বস্তির পাশাপাশি কাপড়ের মান নষ্ট হতে পারে। যাতায়াতের সময় সঙ্গে একটি অতিরিক্ত পোশাক রাখার অভ্যাস করতে পারেন।

বৃষ্টিতে ভিজলে সেই পোশাক বেশিক্ষণ শরীরে রাখা উচিত নয়। বাসায় ফেরার পরপরই তা ধুয়ে ফেলার চেষ্টা করুন। ভেজা পোশাক ঝুড়িতে ফেলে রাখা একেবারেই অনুচিত, কারণ এটি ব্যাকটেরিয়া ও ছত্রাক জন্মানোর মূল কারণ। দ্রুত ধুয়ে পরিষ্কার পানিতে কেচে ফেলার মাধ্যমেই দুর্গন্ধ থেকে মুক্তি পাওয়া সম্ভব।

বর্ষায় কাপড় শুকানোর জন্য পর্যাপ্ত বাতাস চলাচল করে এমন জায়গা বেছে নিন। কাপড় মেলার সময় একটি থেকে আরেকটির দূরত্ব রাখুন যাতে বাতাস সহজে চলাচল করতে পারে। প্রয়োজনে ফ্যানের বাতাসে কাপড় শুকিয়ে নিন। মনে রাখবেন, হালকা ভেজা কাপড় কখনোই আলমারিতে ভাঁজ করে রাখা যাবে না।

কাপড়ের স্যাঁতসেঁতে গন্ধ দূর করতে ভালো মানের ডিটারজেন্ট এবং কাপড়ের উপযোগী ফ্যাব্রিক কন্ডিশনার ব্যবহার করুন। সপ্তাহে অন্তত একদিন আলমারি খুলে কাপড়গুলো বাতাসে রাখুন। আলমারির আর্দ্রতা শোষণের জন্য সিলিকা জেল বা ন্যাপথলিন ব্যবহার করা অত্যন্ত কার্যকর।

সাদা বা হালকা রঙের পোশাকে বর্ষায় সহজে দাগ বসে যায় এবং দীর্ঘ সময় ভেজা থাকলে হলদে ভাব চলে আসে। তাই এসব পোশাকের বিশেষ যত্ন নিন। রঙিন কাপড় সবসময় আলাদা করে ধোয়ার চেষ্টা করুন যাতে রঙ নষ্ট না হয়। এছাড়া চামড়ার ব্যাগ বা জুতা বৃষ্টিতে ভিজলে দ্রুত মুছে শুকিয়ে ফেলুন, নাহলে এগুলোতে স্থায়ী দাগ বা ফাঙ্গাস হতে পারে।

পোশাক কেবল আমাদের দৈনন্দিন প্রয়োজনীয়তা নয়, এটি ব্যক্তিত্বের পরিচ্ছন্নতার প্রতিফলন। তাই বর্ষার প্রতিকূলতায় একটু সচেতনতা ও নিয়মিত পরিচর্যা আপনার প্রিয় পোশাকের আয়ু বাড়িয়ে তুলবে বহুগুণ।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন