বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি: আবেদন শুরু ৫ মার্চ

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি: আবেদন শুরু ৫ মার্চ

সেবা ও শৃঙ্খলার ব্রতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেশের ৬৪ জেলা থেকেই পুরুষ ও নারী প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা আগামী ৫ মার্চ সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু করতে পারবেন, যা চলবে ৩১ মার্চ ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।

আবেদনের যোগ্যতা ও শারীরিক মাপকাঠি প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং অবিবাহিত হতে হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫ থাকতে হবে। ৩১ মার্চ ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে (কোটাধারীদের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য)। শারীরিক যোগ্যতার ক্ষেত্রে সাধারণ পুরুষ প্রার্থীদের উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি এবং নারী প্রার্থীদের ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে উচ্চতায় কিছুটা শিথিলতা রয়েছে।

নিয়োগ পরীক্ষার সময়সূচি (শারীরিক কসরত) প্রার্থীদের স্থায়ী ঠিকানার জেলা অনুযায়ী চারটি গ্রুপে ভাগ করে শারীরিক পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে:

  • প্রথম গ্রুপ: ১৫-১৭ এপ্রিল (মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙামাটি, কুমিল্লা, খুলনা ও সিরাজগঞ্জসহ ১৬ জেলা)।

  • দ্বিতীয় গ্রুপ: ১৮-২০ এপ্রিল (ঢাকা, রাজবাড়ী, সাতক্ষীরা, বগুড়া, দিনাজপুর ও সিলেটসহ ১৬ জেলা)।

  • তৃতীয় গ্রুপ: ২১-২৩ এপ্রিল (গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, কক্সবাজার ও গাইবান্ধাসহ ১৬ জেলা)।

  • চতুর্থ গ্রুপ: ২৪-২৬ এপ্রিল (চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, রংপুর ও যশোরসহ ১৬ জেলা)।

আবেদন প্রক্রিয়া ও ফি আগ্রহী প্রার্থীদের পুলিশের নির্ধারিত ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে জমা দিতে হবে। বিজ্ঞপ্তিতে বিশেষভাবে সতর্ক করা হয়েছে যে, পুলিশে নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন বা তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে মেধা ও যোগ্যতার মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন