নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ এক যুগেরও বেশি সময় পার হলেও বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদনে কোনো কূলকিনারা হচ্ছে না। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এ নিয়ে রেকর্ড ১২৬ বারের মতো প্রতিবেদন দাখিলের সময় পেছাল।
বৃহস্পতিবার (৭ মে ২০২৬) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত আগামী ১৮ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের পরবর্তী তারিখ ধার্য করেন।
আজ বৃহস্পতিবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের নির্ধারিত দিন ছিল। কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা এদিনও প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হন। এর পরিপ্রেক্ষিতে আদালত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নতুন দিন নির্ধারণ করেন।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনার পর রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।
এই মামলায় মোট আটজনকে আসামি করা হয়েছে। আসামিরা হলেন— রুনির বন্ধু তানভীর রহমান, বাড়ির নিরাপত্তারক্ষী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু, কামরুল হাসান অরুণ, পলাশ রুদ্র পাল ও আবু সাঈদ।
তদন্ত চলাকালীন সময়ে আসামিদের প্রত্যেককে একাধিকবার রিমান্ডে নেওয়া হলেও এখন পর্যন্ত কেউই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। আসামিদের মধ্যে তানভীর রহমান ও পলাশ রুদ্র পাল বর্তমানে জামিনে রয়েছেন এবং বাকি ছয়জন কারাগারে আটক আছেন। দীর্ঘ ১৪ বছর ধরে তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়ায় বিচার প্রক্রিয়া নিয়ে ক্ষোভ বিরাজ করছে সাংবাদিক মহল ও নিহতের স্বজনদের মধ্যে।