রেলের টিকিট নিয়ে অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে: ফেনীতে রেল প্রতিমন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:৫০ অপরাহ্ণ
রেলের টিকিট নিয়ে অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে: ফেনীতে রেল প্রতিমন্ত্রী
রেলপথ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

এম. জহিরুল হক মিলন, ফেনী :  বাংলাদেশ রেলওয়ের সেবামান বৃদ্ধি এবং টিকিট কালোবাজারিসহ যেকোনো অনিয়মের অভিযোগ পাওয়ার সাথে সাথেই কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সাফ জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

গত সোমবার (২৬ অক্টোবর ২০২৬) দিবাগত রাত আড়াইটার দিকে পর্যটন নগরী কক্সবাজারের উদ্দেশ্যে প্রথমবারের মতো সম্প্রসারিত রুটে যাত্রা শুরু করা ‘মহানগর এক্সপ্রেস’ ট্রেনে চেপে ফেনী রেলওয়ে স্টেশনে পৌঁছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রেলপথ প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশ রেলওয়ের যেকোনো ধরনের অনিয়ম, দুর্নীতি ও টিকিট সংক্রান্ত অভিযোগ পাওয়া মাত্রই আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করছি। যেহেতু বর্তমানে শতভাগ ও স্বচ্ছ উপায়ে টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে, তাই অনলাইনে বা স্টেশনে টিকিট নিয়ে যেকোনো স্থানে অনিয়মের তথ্য বা অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

রেলখাতকে আধুনিকায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “বর্তমান সরকারের প্রধানমন্ত্রী বাংলাদেশ রেলওয়ের সার্বিক সেবাকে দেশের সাধারণ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে অত্যন্ত আন্তরিক। দিনে দিনে যেন রেলের যাত্রীসেবা ও ভৌত অবকাঠামোগত উন্নয়ন বৃদ্ধি পায়, সেজন্য আমরা যারা দায়িত্বে রয়েছি তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এটি মরহুম বেগম খালেদা জিয়ার নিজ এলাকা এবং মাননীয় প্রধানমন্ত্রীর মামার বাড়ি। প্রধানমন্ত্রী সারাদেশে যেমন সুষম উন্নয়ন করছেন, তেমনি ফেনীবাসীর কাক্সিক্ষত সার্বিক উন্নয়নেও সমান সচেষ্ট রয়েছেন।”

স্থানীয় প্রতিনিধির ভূমিকার প্রশংসা করে প্রতিমন্ত্রী আরও যোগ করেন, “যখনই আমরা ‘মহানগর এক্সপ্রেস’ ট্রেনটি কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণ ও চালুর পরিকল্পনা করেছি, তখনই সবার আগে ফেনীর স্থানীয় সংসদ সদস্য রফিকুল আলম মজনু এই স্টেশনে বিশেষ যাত্রাবিরতি এবং ফেনীবাসীর জন্য সর্বোচ্চ আসন বরাদ্দের জোরালো দাবি আমাদের জানান। আজ প্রধানমন্ত্রী তাঁর সেই ন্যায্য দাবি পূরণ করেছেন। আমরা বিশ্বাস করি, জনগণ যে প্রত্যাশা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও দলীয় প্রার্থীকে ভোট দিয়েছেন, সংসদ সদস্য রফিকুল আলম মজনু ফেনীবাসীর সেই আস্থা ও প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয়েছেন। রেলের যেকোনো অগ্রযাত্রায় ফেনীবাসী সবসময় অগ্রাধিকার পাবেন।”

রেলওয়ের কারিগরি অবকাঠামো ও ইঞ্জিনের বর্তমান পরিস্থিতি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, “বিগত সময়ে রেল খাতে লোকোমোটিভ (ইঞ্জিন) ও ওয়ার্কশপ বা গ্যারেজের তীব্র স্বল্পতা ছিল। তবে আমাদের সরকার ক্ষমতায় আসার পর সেই সংকট থেকে ক্রমান্বয়ে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। রেলের ইঞ্জিন ও কোচের সংখ্যা যেন আরও বৃদ্ধি করা যায়, সে লক্ষ্যেই মন্ত্রণালয় এখন পুরোদমে কাজ করে যাচ্ছে।”

ফেনীর সর্বস্তরের যাত্রীদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে হাবিবুর রশিদ বলেন, “আজ তো কেবল সূচনা হলো। আপনারা যত বেশি নিয়ম মেনে টিকিট কেটে ট্রেনে ভ্রমণ করবেন এবং কক্সবাজার ও চট্টগ্রামে যাতায়াত করবেন, ফেনী এলাকার জন্য রেলে আসন সংখ্যা ও কোচ বাড়াতে আমরা তত বেশি আপনাদের পাশে থাকব। জনগণের সকল যুক্তিসঙ্গত দাবি পূরণে আমাদের সরকার সবসময় সচেষ্ট রয়েছে।”

উল্লেখ্য, গতকাল সোমবার দিনগত রাত ১টা ৫৫ মিনিটে রাজধানী ঢাকা থেকে ছেড়ে আসা প্রথম কক্সবাজারগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি আনুষ্ঠানিকভাবে ফেনী রেলওয়ে স্টেশনে পৌঁছায়। যাত্রা বিরতিকালে ট্রেনের সাধারণ যাত্রীদের সাথে কুশল বিনিময় করেন এবং ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও বরণ করে নেন রেলপথ ও সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। এ সময় অন্যান্যদের মধ্যে ফেনী-১ আসনের জাতীয় সংসদ সদস্য রফিকুল আলম মজনু এবং বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্মাবৃন্দ উপস্থিত ছিলেন।