শিশু আয়াত হত্যা: আসামি আবিরের মৃত্যুদণ্ড
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে ৫ বছরের শিশু আলিনা ইসলাম আয়াতকে অপহরণের পর নির্মমভাবে হত্যা করে মরদেহ ছয় টুকরো করার ঘটনায় দায়ের করা চাঞ্চল্যকর মামলায় আসামি মো. আবীরের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত। বুধবার (১৭ জুন) চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাস এই রায় প্রদান করেন। রায়ে আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে, যা অনাদায়ে তাকে আরও এক বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ১৫ নভেম্বর নগরের ইপিজেড থানার বন্দরটিলা এলাকা থেকে শিশু আয়াত নিখোঁজ হয়। পরে পিবিআই তদন্তে বেরিয়ে আসে, তাদের বাসার ভাড়াটে মো. আবীর মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে শিশুটিকে অপহরণ করেছিল। পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর শিশুটিকে হত্যা করে তার মরদেহ ছয় টুকরো করে সাগরপাড় ও খালের পাশে ফেলে দেওয়া হয়। ২৫ নভেম্বর আবীরকে গ্রেপ্তারের পর তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জালাল উদ্দিন জানান, মামলাটিতে ৩৩ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। সকল তথ্য-প্রমাণ ও জবানবন্দি পর্যালোচনার পর আদালত এই রায় দিয়েছেন। রায় ঘোষণার সময় আদালত পর্যবেক্ষণ দেন যে, এই নৃশংস ও পরিকল্পিত হত্যাকাণ্ড সমাজে চরম আতঙ্ক সৃষ্টি করেছে এবং এটি ‘ক্রাইম পেট্রোল’ নামক অপরাধমূলক অনুষ্ঠান থেকে উদ্বুদ্ধ হয়ে করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ১০ অক্টোবর পিবিআইয়ের তৎকালীন পরিদর্শক মনোজ দে আদালতে চার্জশিট জমা দেন। এই ঘটনায় আবীর ছাড়াও আরও একজন অপ্রাপ্তবয়স্ক কিশোর জড়িত থাকায় তার মামলাটি আলাদাভাবে শিশু আদালতে বিচারাধীন রয়েছে।
জান্নাত সকালবেলা
|