সাবেক এমপি নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী আরাফাত গ্রেপ্তার

প্রকাশ: বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৫১ অপরাহ্ণ
সাবেক এমপি নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী আরাফাত গ্রেপ্তার
ভাঙ্গা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ আরাফাত। ছবি: সকালবেলা প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক: সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ আরাফাতকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন) রাতে ঢাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার শেখ আরাফাত ভাঙ্গা উপজেলার কাওলিবেড়া ইউনিয়নের শেখপুরা গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে ভাঙ্গা থানায় ভাঙচুর ও বিস্ফোরক আইনের মামলাসহ একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। গত বছরের ৫ আগস্টের পর এলাকা ছেড়ে চলে গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, কয়েক দিন আগে তার নেতৃত্বে ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যুবলীগের একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে গত শুক্রবার উপজেলা বিএনপি বিক্ষোভ ও প্রতিবাদ সভার আয়োজন করে।

ওসি মিজানুর রহমান বলেন, “শেখ আরাফাতের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছিল। অবশেষে ডিবি পুলিশের হাতে তিনি আটক হয়েছেন। তবে এখনো অফিসিয়াল কাগজপত্র হাতে পাইনি।”

তিনি আরও বলেন, ঢাকা থেকে ডিবি পুলিশ তাকে আটক করেছে বলে নিশ্চিত হওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হবে।

মন্তব্য করুন