বাজেট অধিবেশন রেখে বিমানবন্দরে এমপিরা; সরাসরি সংসদে যাওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
অনলাইন ডেস্ক: জাতীয় সংসদের বাজেট অধিবেশন চলাকালে নির্বাচনী এলাকায় ভিড় না করে সংসদ সদস্যদের সরাসরি সংসদে যোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (১৭ জুন) সকালে মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য সিলেটে পৌঁছালে বিমানবন্দরে উপস্থিত এমপিদের উদ্দেশ্যে তিনি বলেন, “সংসদ সদস্য, সংসদে চলে যান।”
প্রধানমন্ত্রীর এমন দায়িত্বশীল ও ইতিবাচক পরামর্শের পর মৌলভীবাজারের রাষ্ট্রীয় সফরসঙ্গী না হয়ে সিলেট থেকেই সরাসরি ঢাকার সংসদ অধিবেশনে যোগ দিতে ফিরতি ফ্লাইটে রওনা দেন একাধিক সংসদ সদস্য।
দলীয় ও বিমানবন্দর সূত্রে জানা গেছে, আজ বুধবার সকাল সোয়া ১০টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী একটি বিশেষ উড়োজাহাজ সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সিলেট বিভাগ থেকে নির্বাচিত সরকারের বেশ কয়েকজন মন্ত্রী, সংসদ সদস্য, প্রশাসনের শীর্ষ কর্মকর্তা এবং স্থানীয় বিএনপির হেভিওয়েট নেতারা বিমানবন্দরে উপস্থিত হন।
বিমানবন্দরে নামার পর প্রধানমন্ত্রী একে একে উপস্থিত সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও করমর্দন করেন। তবে চলমান গুরুত্বপূর্ণ বাজেট অধিবেশন রেখে সংসদ সদস্যদের সিলেটে উপস্থিত হতে দেখে করমর্দনের সময়ই তিনি সরাসরি তাদের উদ্দেশ্যে বলেন, “সংসদ সদস্য, সংসদে চলে যান।”
প্রধানমন্ত্রীর এই তাৎক্ষণিক পরামর্শ ও দিকনির্দেশনার পর মৌলভীবাজারের কর্মসূচি বাতিল করে একাধিক সংসদ সদস্য ঢাকার উদ্দেশ্যে বিমানবন্দর থেকেই ফিরে যান। সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী এবং সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ দ্রুত ঢাকার ফ্লাইটে ফিরে গেছেন বলে বিএনপির একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।
দলীয় সূত্র জানিয়েছে, সিলেটে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক কোনো কর্মসূচি নেই। মৌলভীবাজারের রাষ্ট্রীয় কর্মসূচিতে যোগ দিতে এবং ঢাকা ফেরার সুবিধার্থেই তিনি মূলত ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করছেন।
|