শরণখোলায় জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধ নিহত

শরণখোলায় জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধ নিহত

মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আবু হানীফ হাওলাদার (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। 

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মধ্য রাজৈর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবু হানীফ ওই গ্রামের মৃত আমজেদ আলী হাওলাদারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিবেশী বাবুল হাওলাদারের সঙ্গে আবু হানীফ হাওলাদারের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার সকাল ১০টার দিকে এই বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন আবু হানীফের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হলে তাকে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা।

স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে খুলনায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে। এ ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন