কুলাউড়ায় পরীক্ষা চলাকালীন ছাদ ধস: রক্ষা পেল শিক্ষার্থীরা

কুলাউড়ায় পরীক্ষা চলাকালীন ছাদ ধস: রক্ষা পেল শিক্ষার্থীরা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল উচ্চ বিদ্যালয়ে মেধা বৃত্তি পরীক্ষা চলাকালীন একটি জরাজীর্ণ ভবনের ছাদের পলেস্তারা ও অংশবিশেষ ধসে পড়ার ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় অল্পের জন্য বড় ধরনের প্রাণহানি বা গুরুতর আঘাত থেকে রক্ষা পেয়েছে শিক্ষার্থীরা। 

প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, পরীক্ষা চলাকালে হঠাৎ বিকট শব্দে ছাদের একাংশ ভেঙে পড়ে। ছাদটি শিক্ষার্থীদের বসার জায়গার ঠিক পাশেই পড়লেও কেউ গুরুতর আহত হয়নি। তবে ঘটনার পরপরই পুরো বিদ্যালয় প্রাঙ্গণে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তাৎক্ষণিকভাবে ওই কক্ষের পরীক্ষা কার্যক্রম স্থগিত করা হয়। দীর্ঘদিন ধরে ভবনটি নাজুক অবস্থায় থাকলেও বিকল্প ব্যবস্থা না থাকায় সেখানেই ঝুঁকি নিয়ে পাঠদান চলছিল।

ঘটনার সময় কুলাউড়া উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ বিদ্যালয়টি পরিদর্শনে ছিলেন। বিষয়টি জানতে পেরে তারা তাৎক্ষণিকভাবে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম (শকু)-কে মুঠোফোনের মাধ্যমে অবগত করেন। এ সময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জয়ন্ত মালাকার শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে দ্রুত একটি নতুন ভবন নির্মাণের দাবি জানান।

সামনেই এই বিদ্যালয়টিতে এসএসসি পরীক্ষার কেন্দ্র নির্ধারিত রয়েছে। ভবনের এমন নাজুক অবস্থায় এসএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে অভিভাবক মহলে। স্থানীয় বাসিন্দারা অবিলম্বে পুরাতন ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে আধুনিক ও নিরাপদ ভবন নির্মাণের জন্য কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন