সারাদেশে শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

সারাদেশে শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

অনলাইন ডেস্ক: কঠোর নিরাপত্তা ও ব্যাপক প্রস্তুতির মধ্য দিয়ে সারাদেশে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে সারাদেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা শুরু হয়।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা বোর্ডে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী রয়েছে। প্রথম দিনে সাধারণ বোর্ডে বাংলা প্রথম পত্র, মাদরাসা বোর্ডে কুরআন মাজিদ ও তাজভিদ এবং কারিগরি বোর্ডে বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবং প্রশ্নপত্র ফাঁস বা ডিজিটাল জালিয়াতি ঠেকাতে এবার বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন পরীক্ষা কেন্দ্রগুলোতে কঠোর নজরদারি ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কেন্দ্রগুলোর আশেপাশে বাড়তি নিরাপত্তা নিশ্চিতে তৎপর রয়েছেন।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, এবার নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ৪৮ হাজার ৫১১ জন। এছাড়া অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে পরীক্ষা দিচ্ছে ৪ লাখেরও বেশি শিক্ষার্থী। দুপুর ১টায় প্রথম দিনের পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে। পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের নির্দেশনাও যথাযথভাবে পালিত হচ্ছে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন