ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
বিনোদন ডেস্ক: আজ ৮ এপ্রিল দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের ৪৪তম জন্মদিন। জীবনের এই বিশেষ দিনটি উপলক্ষে ভক্তদের জন্য বড় এক চমক নিয়ে এসেছেন ‘জাওয়ান’ খ্যাত জনপ্রিয় পরিচালক অ্যাটলি। আজ বুধবার বেলা ১১টায় অভিনেতার দীর্ঘ প্রতীক্ষিত সায়েন্স ফিকশন সিনেমা ‘AA22 x A6’-এর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার কথা রয়েছে।
সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান ‘সান পিকচার্স’ সোশ্যাল মিডিয়ায় সিনেমার একটি রহস্যময় টিজার পোস্টার শেয়ার করে এই ঘোষণা দিয়েছে। পোস্টারে একটি বিশেষ প্রাণীর হাত দেখা যাওয়ায় ইতিমধ্যে দর্শকদের মনে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।
অ্যাটলি এবং আল্লু অর্জুন প্রথমবারের মতো এই বিগ বাজেট প্রজেক্টে জুটি বেঁধেছেন। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, এটি হতে যাচ্ছে ভারতের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা, যার বাজেট ধরা হয়েছে প্রায় ৭০০ থেকে ৮০০ কোটি টাকা। দুই পর্বের এই ফ্র্যাঞ্চাইজিতে প্রধান নারী চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রাশমিকা মান্দান্না, মৃণাল ঠাকুর, জাহ্নবী কাপুর এবং টাইগার শ্রফের থাকার জোরালো সম্ভাবনা রয়েছে।
পরিচালক অ্যাটলি জানিয়েছেন, হলিউডের শীর্ষস্থানীয় ভিএফএক্স শিল্পীদের সহায়তায় অত্যাধুনিক প্রযুক্তিতে সিনেমাটি নির্মাণ করা হচ্ছে। এটি আল্লু অর্জুনের ২২তম এবং অ্যাটলির ষষ্ঠ পরিচালনা। তবে বড় পর্দায় এই ম্যাজিক দেখার জন্য দর্শকদের ২০২৭ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ