মুকসুদপুরে মাদক ছেড়ে সুন্দর জীবনে ফিরতে সংবাদ সম্মেলন

মুকসুদপুরে মাদক ছেড়ে সুন্দর জীবনে ফিরতে সংবাদ সম্মেলন

রাসেল শেখ, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার নিয়ে সংবাদ সম্মেলন করেছেন আকলিমা বেগম (৪৫) নামে এক নারী। তিনি উপজেলার মহারাজপুর গ্রামের লিটন ফকিরের স্ত্রী। 

শনিবার (৪ এপ্রিল ২০২৬) দুপুরে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আকলিমা বেগম লিখিত বক্তব্যে জানান, তার স্বামী দীর্ঘ দিন ধরে অসুস্থ এবং তাদের কোনো পুত্রসন্তান নেই। চরম দারিদ্র্যের কষাঘাতে পড়ে স্বামীর চিকিৎসার খরচ জোগাতে তিনি একসময় মাদক ব্যবসার অন্ধকার পথে পা বাড়িয়েছিলেন। তবে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়-স্বজনের অনুরোধে নিজের ভুল বুঝতে পেরে গত তিন মাস আগে তিনি এই ব্যবসা সম্পূর্ণভাবে ছেড়ে দিয়েছেন।

আকলিমা বেগম অভিযোগ করে বলেন, ব্যবসা করার সময় এলাকার প্রভাবশালী কয়েকজন ব্যক্তি তার কাছ থেকে নিয়মিত মাসোহারা নিতেন এবং মাদক সেবন করতেন। এখন তিনি ব্যবসা বন্ধ করে দেওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে উঠেছেন। গত ৩০ মার্চ দেলোয়ার বেগ, খন্দকার নজরুল ইসলামকবির মাতুব্বর নামে কয়েকজন ব্যক্তি তার বাড়িতে ভাঙচুর চালান এবং অকথ্য ভাষায় গালিগালাজসহ বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন বলে তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে আবেগপ্লুত কণ্ঠে আকলিমা বলেন, “আমি আমার জীবনের ভুল সংশোধন করে এখন সন্তানদের নিয়ে স্বাভাবিকভাবে বাঁচতে চাই। অন্ধকার পথ ছেড়ে দিয়েছি, এখন যেন শান্তিতে থাকতে পারি সেজন্য প্রশাসন ও সবার সহযোগিতা কামনা করছি।”

মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার এই সাহসী উদ্যোগকে স্থানীয়রা ইতিবাচকভাবে দেখলেও আকলিমার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সচেতন মহল।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন