ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জিয়াবুল হক, টেকনাফ: কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে একদিনে ৪৬৯টি অলিভ রিডলে প্রজাতির কাছিমের বাচ্চা সমুদ্রে অবমুক্ত করা হয়েছে। বুধবার (১ এপ্রিল ২০২৬) বিকেলে কমিউনিটি-লেড টার্টল কনজারভেশন (কোডেক) প্রকল্পের আওতায় উপকূলে স্থাপিত হ্যাচারিগুলোতে সংরক্ষিত ডিম থেকে এসব বাচ্চা ফোটানো হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার বিকেলে হাবিরছড়া হ্যাচারি থেকে ৩৭৬টি এবং উত্তর শিলখালী হ্যাচারি থেকে ৯৩টি বাচ্চা সমুদ্র সৈকতে ছেড়ে দেওয়া হয়। ছোট ছোট কাছিমগুলো বালুচর পেরিয়ে নীল জলরাশিতে মিশে যাওয়ার দৃশ্য পর্যটক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও আনন্দের সৃষ্টি করে।
টেকনাফ সমুদ্র সৈকতে বর্তমানে সহস্রাধিক কাছিমের ডিম সংরক্ষিত রয়েছে, যেগুলো থেকে পর্যায়ক্রমে বাচ্চা ফোটানো হবে। চলতি মৌসুমে এ পর্যন্ত ১১৬টি মা কাছিম থেকে ১৩ হাজার ৯০০টি ডিম সংগ্রহ ও সংরক্ষণ করা হয়েছে। এর মধ্যে ১,০১৯টি কাছিমের বাচ্চা ইতোমধ্যে সফলভাবে সমুদ্রে অবমুক্ত করা হয়েছে।
প্রকল্পটির উখিয়া-টেকনাফ অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী জানান, সামুদ্রিক কাছিম সংরক্ষণ শুধু একটি প্রাণী রক্ষার উদ্যোগ নয়; এটি সামুদ্রিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, এই উদ্যোগ সফল করতে স্থানীয় জনগণের অংশগ্রহণ প্রয়োজন, যাতে সমুদ্র ও প্রাকৃতিক পরিবেশ সুরক্ষিত থাকে।
সামুদ্রিক কচ্ছপের এই প্রজনন কেন্দ্রটি টেকনাফ উপকূলের জীববৈচিত্র্য রক্ষায় এক অনন্য উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ