বরেন্দ্র প্রেসক্লাব সভাপতিকে হামলা: দুই আসামির রিমান্ড মঞ্জুর

বরেন্দ্র প্রেসক্লাব সভাপতিকে হামলা: দুই আসামির রিমান্ড মঞ্জুর

মোঃ গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা: রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিমের ওপর সশস্ত্র হামলা ও চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তারকৃত দুই আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

সোমবার (১৬ মার্চ ২০২৬) রাজশাহী মেট্রোপলিটন আদালত-১ এর বিচারক মো: আতাউল্লাহ এই আদেশ প্রদান করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বরেন্দ্র প্রেসক্লাব পরিচালনার নামে বেশ কিছুদিন ধরে নুরে ইসলাম মিলন, সুরুজ ও তাদের সহযোগীরা ৪ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় গত ৭ মার্চ (শনিবার) রাত ৮টার দিকে দেশীয় অস্ত্র, চাপাতি ও চাইনিজ কুড়াল নিয়ে একদল সন্ত্রাসী ক্লাবে তাণ্ডব চালায়।

হামলা চলাকালীন প্রধান অভিযুক্ত নুরে ইসলাম মিলন পিস্তল বের করে সভাপতি রেজাউল করিমের মাথায় ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেয়। অন্য এক সন্ত্রাসী সুরুজ আলী ধারালো অস্ত্র দিয়ে তার পেটে আঘাতের চেষ্টা করলে তিনি হাত দিয়ে তা প্রতিহত করেন। এতে তার উরুতে গভীর ক্ষত সৃষ্টি হয় এবং পরবর্তীতে ১৩টি সেলাই দিতে হয়। তিনি বর্তমানে নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনার প্রতিবাদে গত ৮ মার্চ মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে সাংবাদিকদের বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রাজশাহী চীফ মেট্রোপলিটন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এসএম জ্যোতিউল ইসলাম সাফি রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে জানান:

“পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে মহামান্য আদালত অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য দুই আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।”

ঘটনার প্রায় ১০ দিন পার হতে চললেও মূল অভিযুক্ত নুরে ইসলাম মিলন ও সুরুজ আলীকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তারা ধরাছোঁয়ার বাইরে থাকায় স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও উৎকণ্ঠা বিরাজ করছে। দ্রুত প্রধান আসামিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন