ফ্যাসিবাদমুক্ত নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা হয়েছে: রাষ্ট্রপতি

ফ্যাসিবাদমুক্ত নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা হয়েছে: রাষ্ট্রপতি

দেশে দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে উল্লেখ করে ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসে এক অনন্য মাইলফলক হিসেবে অভিহিত করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি এ কথা বলেন। এ সময় তিনি নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকারকে আন্তরিক অভিনন্দন জানান।

রাষ্ট্রপতি বলেন, হাজারো শহীদের রক্তের বিনিময়ে তাবেদার ও ফ্যাসিবাদমুক্ত নতুন এক গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা হয়েছে। তিনি জুলাই গণ–অভ্যুত্থান ও জুলাই শহীদদের স্মরণে নেওয়া অন্তর্বর্তী সরকারের কার্যক্রম তুলে ধরেন। বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রমের কথাও তুলে ধরেন।

তবে রাষ্ট্রপতির ভাষণ শুরুর আগেই সংসদ অধিবেশনে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন বিরোধী জোটের সদস্যরা রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার অধিকার নিয়ে প্রশ্ন তোলেন এবং তার অভিশংসন দাবি করেন। রাষ্ট্রপতি ভাষণ শুরু করলে বিরোধী দলের সদস্যরা প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে থাকেন এবং টেবিল চাপড়ে প্রতিবাদ জানান। এক পর্যায়ে বিরোধী দলের সংসদ সদস্যরা অধিবেশন কক্ষ থেকে ওয়াক আউট করেন।

রাষ্ট্রপতি তার ভাষণে মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতির কথা তুলে ধরেন। দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের অর্থনীতি অনেকটা স্থিতিশীল হয়েছে। ২০২৬ সালের জানুয়ারি মাসে মূল্যস্ফীতি কমে ৮.৫৮ শতাংশে দাঁড়িয়েছে এবং ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৭৮ বিলিয়ন ইউএস ডলারে উন্নীত হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার 'করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ' নীতি নিয়ে কাজ করছে। দুর্নীতি দমন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার। ব্যাংক খাতের সুশাসন ফিরিয়ে আনা এবং পুঁজিবাজারের অনিয়ম তদন্তে কঠোর পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি অর্থনৈতিক সংস্কার কমিশন ও পুঁজিবাজার সংস্কারে পৃথক কমিশন গঠনের ঘোষণা দেন। এছাড়া নারী উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও সামাজিক সুরক্ষায় সরকারের নানা উদ্যোগের কথা তিনি তুলে ধরেন।

ভাষণ শেষে রাষ্ট্রপতি সংসদ অধিবেশন ত্যাগ করেন। আগামী ১৫ মার্চ পর্যন্ত সংসদের প্রথম অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়েছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন