ডেপুটি স্পিকার পদে কায়সার কামাল: নেত্রকোনায় আনন্দের জোয়ার

ডেপুটি স্পিকার পদে কায়সার কামাল: নেত্রকোনায় আনন্দের জোয়ার

মহসিন মিয়া, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা-১ (দুর্গাপুর–কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে শপথ গ্রহণ করায় নেত্রকোনা জেলাজুড়ে বইছে আনন্দের বন্যা। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে রাষ্ট্রপতির কাছে তার শপথ গ্রহণের খবর ছড়িয়ে পড়ার পরপরই নেত্রকোনা জেলা শহরসহ কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার মোড়ে মোড়ে সাধারণ মানুষ ও স্থানীয় শুভাকাঙ্ক্ষীরা উল্লাসে ফেটে পড়েন। এই প্রথম নেত্রকোনা থেকে কেউ জাতীয় সংসদের মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানের উচ্চপদে আসীন হওয়ায় জেলাবাসীর মধ্যে এক অনন্য গর্ব ও উচ্ছ্বাস পরিলক্ষিত হচ্ছে।

বিকেল গড়াতেই নেত্রকোনা জেলা শহরের বিভিন্ন পয়েন্টে সাধারণ মানুষ আনন্দ মিছিল বের করেন। মিছিলে অংশগ্রহণকারীরা ব্যারিস্টার কায়সার কামালের সাফল্যে স্লোগান দেন এবং একে অপরের মুখে মিষ্টি তুলে দেন। স্থানীয়রা জানান, কায়সার কামাল একজন উচ্চশিক্ষিত এবং পেশাদার মানুষ হিসেবে এলাকায় অত্যন্ত জনপ্রিয়। ইতিপূর্বে তিনি ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনকালেও এলাকার উন্নয়নে বিশেষ মনোযোগ দিয়েছেন। এখন সংসদের ডেপুটি স্পিকারের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় দুর্গাপুর-কলমাকান্দাসহ পুরো জেলার সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে সাধারণ মানুষের প্রত্যাশা।

নেত্রকোনার কলমাকান্দার চত্রাংপুর গ্রামে জন্ম নেওয়া এই কৃতি সন্তানের এমন সাফল্যে তার নিজ গ্রামেও উৎসবের আমেজ বিরাজ করছে। পাড়া-মহল্লায় দোয়া মাহফিলের পাশাপাশি চলছে আনন্দ আয়োজন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অভিনন্দন বার্তায় জানিয়েছেন, ব্যারিস্টার কায়সার কামাল তার মেধা ও দক্ষতা দিয়ে জাতীয় সংসদে নেত্রকোনার মুখ উজ্জ্বল করবেন। আইন পেশায় সফল এবং রাজনৈতিকভাবে পরিপক্ক এই নেতার ডেপুটি স্পিকার হিসেবে অভিষেককে জেলার ইতিহাসের একটি মাইলফলক হিসেবে দেখছেন সচেতন সমাজ।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন