ইতিহাস গড়লেন শরীফুল আলম: স্বাধীনতার পর প্রথম কুলিয়ারচর পেল মন্ত্রী

ইতিহাস গড়লেন শরীফুল আলম: স্বাধীনতার পর প্রথম কুলিয়ারচর পেল মন্ত্রী

আজিজুল ইসলাম, কুলিয়ারচর: কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসন থেকে ধানের শীষ প্রতীকে নবনির্বাচিত সংসদ সদস্য মো. শরীফুল আলমকে শিল্প, বাণিজ্য এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে শপথ গ্রহণের পর তাঁর এই দায়িত্ব প্রাপ্তির খবর ছড়িয়ে পড়লে নির্বাচনী এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়।

শরীফুল আলম প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় ভৈরব ও কুলিয়ারচর উপজেলার বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ আনন্দ-উল্লাস প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বইছে অভিনন্দন ও শুভেচ্ছার জোয়ার। স্থানীয়রা মনে করছেন, স্বাধীনতার পর এই প্রথম কুলিয়ারচর থেকে কোনো জননেতা এমপি এবং একইসাথে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন, যা এই অঞ্চলের রাজনৈতিক ইতিহাসে এক বিশেষ মাইলফলক।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, শরীফুল আলমের দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, সাংগঠনিক দক্ষতা এবং এলাকার মানুষের প্রতি তাঁর দায়বদ্ধতার স্বীকৃতি হিসেবেই তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। বিশেষ করে শিল্প ও বাণিজ্যের মতো স্পর্শকাতর খাতের পাশাপাশি বাংলাদেশের ঐতিহ্যবাহী পাট ও বস্ত্র শিল্পের পুনরুজ্জীবনে তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলে এলাকাবাসী আশাবাদ ব্যক্ত করেছেন।

স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ জানান, শরীফুল আলমের নেতৃত্বে ভৈরব-কুলিয়ারচর হবে উন্নয়নের রোল মডেল। তারা বিশ্বাস করেন, তাঁর হাত ধরেই অবহেলিত পাট ও বস্ত্র খাত নতুন দিশা পাবে এবং দেশে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ সৃষ্টি হবে। শরীফুল আলমের এই নতুন যাত্রায় তাঁর নির্বাচনী এলাকার আপামর জনতা পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন