ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
প্রায় চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ-এর অবসান ঘটাতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ওপর ‘অযথা চাপ’ প্রয়োগ করছেন বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার প্রকাশিত এক ফোন সাক্ষাৎকারে অ্যাক্সিওসকে তিনি এ দাবি করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, শান্তি পরিকল্পনার শর্ত নিয়ে আলোচনা করতে গিয়ে ট্রাম্প প্রকাশ্যে শুধু ইউক্রেনকেই ছাড় দিতে বলছেন, রাশিয়াকে নয়, যা ন্যায়সঙ্গত নয়।
তিনি আরও জানান, রাশিয়ার তুলনায় ইউক্রেনের ওপর চাপ প্রয়োগ করা হয়তো সহজ। তবে শান্তি প্রচেষ্টার জন্য তিনি ট্রাম্পকে ধন্যবাদও জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের শীর্ষ আলোচক স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার-এর সঙ্গে আলোচনায় এ ধরনের চাপের বিষয় ছিল না।
জেলেনস্কি বলেন, “আমি আশা করি এটা কেবল ট্রাম্পের কৌশল, চূড়ান্ত সিদ্ধান্ত নয়।”
ডনবাস ইস্যুতে তিনি স্পষ্ট করে বলেছেন, পূর্বাঞ্চলীয় ডনবাসের পুরো নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে তুলে দেওয়ার প্রস্তাব নিয়ে কোনো গণভোট ইউক্রেনীয়রা মেনে নেবে না। মানসিকভাবে মানুষ কখনও এটি ক্ষমা করবে না। না আমাকে, না যুক্তরাষ্ট্রকে। ইউক্রেনীয়দের কাছে অতিরিক্ত ভূখণ্ড ছেড়ে দেওয়ার প্রশ্নটি সম্পূর্ণ অবোধ্য। এটি আমাদের দেশের অংশ; এই নাগরিকরা, এই পতাকা, এই ভূমি।
জেলেনস্কি প্রস্তাব দিয়েছেন, সংঘাত বর্তমান ফ্রন্টলাইন বরাবর স্থির বা ফ্রিজ করা হোক। তিনি দাবি করেছেন, যদি নথিতে উল্লেখ থাকে যে আমরা বর্তমান সংযোগরেখায় থাকব, তাহলে জনগণ গণভোটকে সমর্থন করবে।
সম্প্রতি ট্রাম্প দুবার ইঙ্গিত দিয়েছেন, আলোচনাকে সফল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দায়িত্ব ইউক্রেন ও জেলেনস্কিরই। সোমবার এয়ার ফোর্স ওয়ানে তিনি সাংবাদিকদের বলেছেন, ইউক্রেনকে দ্রুত আলোচনার টেবিলে আসতে হবে।
উল্লেখ্য, জেলেনস্কির সাক্ষাৎকারের সময় জেনেভায় রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলছিল।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ