ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: পবিত্র রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে আজ বুধবার থেকে দেশের সকল সরকারি-বেসরকারি কলেজ ও মাদ্রাসায় টানা ৩৯ দিনের ছুটি শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদিত ২০২৬ সালের শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকা অনুযায়ী, ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই ছুটি চলবে আগামী ২৮ মার্চ পর্যন্ত। দীর্ঘ এই ছুটির পর আগামী ২৯ মার্চ থেকে পুনরায় নিয়মিত ক্লাস ও শিক্ষা কার্যক্রম শুরু হবে। তবে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ছুটির সময়সীমা নিয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক কৌতূহল লক্ষ্য করা গেছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ প্রকাশিত সরকারি-বেসরকারি কলেজের ছুটির তালিকায় দেখা গেছে, পবিত্র রমজান, ঈদুল ফিতর এবং গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত টানা ২৬ দিন সব কলেজ বন্ধ থাকবে। এরপর ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসের নির্ধারিত ছুটি রয়েছে। ২৭ ও ২৮ মার্চ যথাক্রমে শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটির আওতাভুক্ত থাকবে। ফলে টানা ৩৯ দিন পর ২৯ মার্চ রোববার থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান একযোগে খুলবে। এছাড়া ২০২৬ সালের বর্ষপঞ্জি অনুযায়ী, ঈদুল আজহা উপলক্ষে ২৪ মে থেকে ৫ জুন পর্যন্ত মোট ১০ দিন এবং দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত আরও ১০ দিন ছুটি নির্ধারিত রয়েছে।
অন্যদিকে বছরের শেষাংশে শীতকালীন অবকাশ যাপনের জন্য ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ১১ দিন কলেজ বন্ধ থাকবে। নিয়মিত এই ছুটির বাইরেও প্রতি বছরের মতো এবারও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের হাতে তিন দিনের সংরক্ষিত ছুটি রাখা হয়েছে। প্রতিষ্ঠানের বিশেষ প্রয়োজনে প্রধানগণ এই ছুটিগুলো ব্যবহার করতে পারবেন বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে। দীর্ঘ এই ছুটির ফলে শিক্ষার্থীরা যেমন বিশ্রামের সুযোগ পাবে, তেমনি রমজান ও ঈদের আমেজ পরিবারের সাথে ভাগ করে নিতে পারবে। তবে ছুটির এই দীর্ঘ সময়ে শিক্ষার্থীদের পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ