অস্ট্রেলিয়ায় ইসরায়েলি প্রেসিডেন্টের সফরের বিরুদ্ধে বিক্ষোভের প্রস্তুতি

অস্ট্রেলিয়ায় ইসরায়েলি প্রেসিডেন্টের সফরের বিরুদ্ধে বিক্ষোভের প্রস্তুতি

ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের অস্ট্রেলিয়া সফরের প্রতিবাদে দেশজুড়ে সমন্বিত বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে ফিলিস্তিনপন্থি বিভিন্ন সংগঠন। বাড়তি নিরাপত্তার কথা উল্লেখ করে কর্তৃপক্ষ সমাবেশে সাময়িক নিষেধাজ্ঞা দিলেও আয়োজকেরা তা উপেক্ষা করে কর্মসূচিতে অংশ নেবেন।

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, অস্ট্রেলিয়াস্থ ফিলিস্তিনপন্থি সংগঠন প্যালেস্টাইন অ্যাডভোকেসি নেটওয়ার্ক এক বিবৃতিতে বলেছেন, “আইজ্যাক হারজোগ কোনো আনুষ্ঠানিক অতিথি নন। তিনি গাজায় গণহত্যা চালানো সরকারের রাষ্ট্রপ্রধান।” তাদের আহ্বানে একাত্মতা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অস্ট্রেলিয়া।

আগামী সোমবার সিডনিতে হারজোগ অংশ নেবেন বন্ডি বিচে ১৫ জন নিহতের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে। এই উপলক্ষে নিউ সাউথ ওয়েলস কর্তৃপক্ষ সিডনির কয়েকটি কেন্দ্রীয় এলাকায় বিক্ষোভে বিধিনিষেধ আরোপ করেছে। তবে আয়োজকরা জানিয়েছেন, তারা সিটি টাউন হল থেকে সমাবেশ করবেন এবং ম্যাকোয়ারি স্ট্রিট পর্যন্ত মিছিল করার পরিকল্পনা করেছেন। একই দিনে মেলবোর্ন, পার্থ ও ক্যানবেরাতেও বিক্ষোভের ঘোষণা দেওয়া হয়েছে।

ফিলিস্তিনপন্থি ইহুদিদের সংগঠন প্রগ্রেসিভ জুয়িশ কাউন্সিল অব অস্ট্রেলিয়াও সফরের বিরোধিতা করেছে। তারা বলেছে, বন্ডি বিচ হামলায় নিহতদের প্রতি শোককে ব্যবহার করে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থাকা একজন ইসরায়েলি নেতাকে বৈধতা দেওয়া উচিত নয়। একাধিক নাগরিক সমাজ সংগঠন হারজোগকে ভিসা না দিতে আইনগত আবেদন জানিয়েছে।

অস্ট্রেলিয়ার মানবাধিকার আইনজীবী ক্রিস সিদোতি হারজোগকে গ্রেপ্তারের আহ্বান জানালেও ফেডারেল পুলিশ তা প্রত্যাখ্যান করেছে। তাদের যুক্তি, রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি আইনি দায়মুক্তি ভোগ করেন। প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, বিক্ষোভকারীদের সংযম দেখানো এবং জাতীয় ঐক্যের দিকে মনোনিবেশ করা উচিত।

তবে আন্দোলনকারীরা বলছেন, দায়মুক্তির অজুহাতে হারজোগকে বিক্ষোভের বাইরে রাখা যাবে না। তারা জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে দাবি করেছেন, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধে অন্তত ৭১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন; ধ্বংসস্তূপের নিচে আরও বহু মানুষ নিখোঁজ থাকায় প্রকৃত সংখ্যা আরও বেশি।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন