ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ওয়াফিক শিপলু, বগুড়া: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়া-৬ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে তিনি বগুড়া শহরের কোর্ট চত্বর এলাকায় সাধারণ মানুষ ও আইনজীবীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আগামী ১২ ফেব্রুয়ারি ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
বিকেলে কোর্ট চত্বরে গণসংযোগের আগে দুপুরে তিনি শহরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র সপ্তপদী মার্কেট ও নিউ মার্কেট এলাকায় প্রচারণা চালান। সেখানে তিনি ব্যবসায়ী, কর্মচারী ও সাধারণ ক্রেতাদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং সবার দোয়া ও সমর্থন কামনা করেন। এসময় সাধারণ মানুষের মধ্যে নির্বাচনী আমেজ ও ব্যাপক উৎসাহ দেখা যায়।
গণসংযোগকালে মাওলানা আবিদুর রহমান সোহেল বলেন, "সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়তে দেশের জনগণ এবার জামায়াতে ইসলামীকে বেছে নেবে। একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং জনগণের হৃত অধিকার ফিরিয়ে দিতে দাঁড়িপাল্লা প্রতীকের বিকল্প নেই।" তিনি আরও যোগ করেন, জামায়াত সব সময় মানুষের সুখে-দুঃখে পাশে ছিল এবং আগামীতেও একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনে কাজ করে যাবে।
গণসংযোগকালে প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন শহর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আল আমিন, অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, অ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ, অ্যাডভোকেট সাইফুদ্দীন সাইফুল, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন মল্লিক, অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিক এবং শ্রমিক নেতা আজগর আলীসহ স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ