ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আধুনিক ভারতীয় সঙ্গীত জগতের এক উজ্জ্বল নাম অনিরুদ্ধ রবিচন্দর। ২০১২ সালে ধনুষ অভিনীত ‘থ্রি’ ছবির গান ‘হোয়াই দিস কোলাভেরি ডি’ মুক্তির পরই তিনি রাতারাতি তারকাখ্যাতি পান। সহজ কথা, আধুনিক বিট আর তরুণ প্রজন্মের আবেগকে সুরে মেলানোর অসাধারণ ক্ষমতাই তাকে আলাদা করে তুলেছে।
এরপর তামিল ও তেলেগু সিনেমা ছাড়িয়ে বলিউডেও শক্ত অবস্থান তৈরি করেন অনিরুদ্ধ। ‘মাস্টার’, ‘বিক্রম’, ‘লিও’, ‘পেট্টা’, ‘ডন’ এবং শাহরুখ খানের ‘জওয়ান’-সহ একাধিক ব্লকবাস্টার ছবিতে তার সুর ও ব্যাকগ্রাউন্ড স্কোর দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছে।
আজ কোটি টাকার পারিশ্রমিক নেওয়া এই সুরকারের শুরুটা ছিল একেবারেই সাধারণ। এক সময় বিয়েবাড়িতে গান গেয়ে কখনও ৫০০ টাকা, কখনও আবার শুধু একটি ‘ধন্যবাদ’ই ছিল তার প্রাপ্তি। এক অনুষ্ঠানে সেই দিনগুলোর কথা স্মরণ করে অনিরুদ্ধ বলেন, ছোটবেলায় বিয়েতে গান গেয়ে ৫০০ টাকা পেলে খুব খুশি হতেন, কোথাও আবার পারিশ্রমিকের বদলে পান দেওয়া হতো। এখন পারিশ্রমিক কোটি টাকায় পৌঁছালেও সেই সময়কার আনন্দ আর নেই বলে জানান তিনি।
তার মতে, টাকার অঙ্ক নয়—গান বাজানোর নেশা, লাইভ পারফরম্যান্সের উত্তেজনা আর মানুষের সঙ্গে সরাসরি সংযোগই ছিল তখনকার আসল সুখ। ছোট অনুষ্ঠান, বন্ধুদের আড্ডা বা বিয়েবাড়ির মঞ্চ—যেখানেই সুযোগ পেয়েছেন, সেখানেই নিজের সুর ছড়িয়ে দিয়েছেন তিনি।
অভূতপূর্ব সাফল্যের মাঝেও অনিরুদ্ধ বিশ্বাস করেন, শুরুর দিনগুলোর আবেগ আর ভালোবাসা না থাকলে আজকের এই উচ্চতায় পৌঁছানো সম্ভব হতো না। তার গল্প শুধুই একজন সফল সুরকারের নয়, বরং সেই মানুষের—যিনি প্রমাণ করেছেন, আবেগ যদি হয় চালিকাশক্তি, সাফল্য আপনিই ধরা দেয়।
চেন্নাইয়ে অনিরুদ্ধ রবিচন্দরের রয়েছে একটি আধুনিক ও আলোয় ভরপুর বিলাসবহুল বাড়ি। ন্যূনতম অভ্যন্তরীণ সজ্জা, সৃজনশীল কর্মক্ষেত্র ও শৈল্পিক শোবার ঘর তার রুচি ও শিল্পমনস্কতার পরিচয় বহন করে।
২০২৪ সালের হিসাব অনুযায়ী, অনিরুদ্ধ রবিচন্দরের মোট সম্পদের পরিমাণ প্রায় ৫০ কোটি টাকা (প্রায় ৬ মিলিয়ন ডলার)। তিনি বর্তমানে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত সঙ্গীত পরিচালকদের অন্যতম, একটি ছবির জন্য পারিশ্রমিক নেন আনুমানিক ৮–১০ কোটি টাকা।
সঙ্গীতের পাশাপাশি ব্যবসায়িক উদ্যোগেও সক্রিয় অনিরুদ্ধ। তিনি ভিএস ম্যানি অ্যান্ড কো. নামের একটি ফিল্টার কফি স্টার্টআপের সহ-প্রতিষ্ঠাতা ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এছাড়াও টাকিলা ব্র্যান্ড লোকা লোকা-র সহ-স্রষ্টা হিসেবেও যুক্ত রয়েছেন।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ